যশোর অঞ্চল এখন লাল-সবুজের ফেস্টুনে ছেয়ে গেছে। দলীয় পতাকা ছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বর্তমান চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, দলের অন্যতম কাণ্ডারি তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ স্থানীয় বড়-ছোট সকল পর্যায়ের নেতাদের ছবি সম্বলিত এসব ফেস্টুনে সয়লাব হয়ে গেছে গোটা এ অঞ্চল।
রোববার খুলনায় দলের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিশাল এই আয়োজন।
বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শনিবার রাতে যশোরের উদ্দেশে ঢাকা ছাড়বেন। যশোর সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে রোববার সকালে তিনি খুলনার উদ্দেশে যাত্রা করবেন।
বিরোধী দলীয় নেত্রীর যশোরে শুধু রাত্রিযাপনের কর্মসূচি থাকলেও পুরো জেলায় সাজ সাজ রব পড়ে গেছে। এ উপলক্ষে যশোর-মাগুরা সীমান্ত সীমাখালী থেকে যশোর-খুলনা সীমান্ত ফুলতলা পর্যন্ত অন্তত ৫০ কিলোমিটার সড়কে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। রাস্তার দু’ধারে রং বেরঙের পতাকা ও দলীয় ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে। শহর ও শহরতলিতে চলছে দলীয় নেতা-কর্মীদের পথসভা-মিটিং-মিছিল।
সড়ক পথে ঢাকা থেকে মাগুরা হয়ে রাত ১০ টার দিকে নেত্রী যশোরে পৌঁছাবেন বলে দলের দায়িত্বশীল একজন নেতা সাংবাদিকদের অবহিত করেন। সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে সকালে খুলনায় যাবেন। খুলনায় রওনা হওয়ার আগে সার্কিট হাউজ মিলনায়তনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাবেরুল আরও বলেন, খালেদা জিয়াকে আগমনী শুভেচ্ছা জানাতে যশোরাঞ্চলে অন্তত ১০০ তোরণ নির্মাণ করা হয়েছে। রাস্তার দু’ধারে টাঙানো হয়েছে অসংখ্য পতাকা, ব্যানার-ফেস্টুন, যা দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করছে। দলীয় নেত্রীর বহরে দুই শতাধিক গাড়ি থাকবে বলে জানা গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




