আমার কিছু স্বপ্ন ছিল,
ছোট ছোট কিছু স্বপ্ন,
সবুজ রঙের সতেজ কিছু স্বপ্ন।
কাঁড়ি কাঁড়ি টাকা কিংবা বিলাসবহুল বাড়ি-গাড়ির স্বপ্ন নয়,
ভালবাসা আর যত্নের বুনটে গড়া,
আনন্দ আর হাসিতে ভরা অতি সাধারণ জীবনের স্বপ্ন।
তবু সাধ সাধই থেকে গেল-
সোনার হরিণের মত অধরা, অস্পৃশ্য।
সাজানো স্বপ্নরা সব ধূসর, মলিন হয়ে-
ঝরে গেল একে একে,
পারলাম না, সেই ক্ষুদ্র স্বপ্নগুলোকে-
জিইয়ে রাখতে পারলাম না;
সাধ্যে কুলাল না আমার।
নীরব দর্শকের ভূমিকা নিতে হল অবশেষে,
প্রত্যক্ষ করতে হল ধ্বংস
এবং সয়ে যেতে হল।
হেরে গেলাম আমি,
জীবনজুয়ায় হেরে গেলাম।
আরও শুনবে?
থাক না, কী দরকার?
পরাজয়ের গল্প শুনে হবেইবা কি?
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




