রক্তচক্ষু মাতাল-
হাঁটছে
দুলছে,
টলছে,
প্রলাপ বকছে।
রাস্তার উপরে গড়াগড়ি দিচ্ছে রাস্তা, নদীর গভীরে ডুব দিয়ে আছে নদী, লাল-কমলা-সোনালী আলোয়
সাঁকোটা দুলছে।
সাঁকোটা কাঁপছে।
সময়টা নাজুক ভীষন। কাঁপছে রক্তচক্ষু মাতালের পায়ের নিচের মাটি; হায়েনারা সতর্ক আজও,
চেনাপথ, চেনা স্বজন ধুষর পথের যাত্রী; পৌরাণিক, দুরাগত, লাগামহীন ঘোড়ার বিষ্মিত চোখ স্থির
রক্তচক্ষু মাতালের অস্থির, কম্পিত কন্ঠনালীতে।
পাখিটা ঘর ছাড়া আজ- একা একা কাঁদবে বলে; মাঝরাতে
নীল বিষের বানে বাঁধা পড়ে আছে সময়, এখনি উঠতে হবে; মাতালের দুচোখে মরাঘুম, পাখির কন্ঠে মরাকান্না!
পাখিটা কাঁদছে পাখার মায়া ভুলে
পাখিটা কাঁদছে সঙ্গী-নীর ভুলে।
কাঁপছে রক্তচক্ষু মাতালের পায়ের নিচের মাটি; হায়েনারা সতর্ক আজও- মাঝরাতে।
পাখিটা কাঁদছে
পাখিটা কাঁদছে আশ্রুহীন
দন্ত্য-স'তে সব হয়,
মুর্ধন্য-ষ'তে বিষাদ
জরায়ে ধরে সকল বিষাদ
পাখিটা কাঁদছে
একা; মাঝরাতে।
অগ্নিচক্ষু মাতালের প্রলাপ ঝরছে কুয়াশা হয়ে,
জীর্নশীর্ন বুকের বসনে এবার বৃষ্টি ঝরুক
বৃষ্টি ঝরুক উঠোনে, চৌকাঠে, টিনের চালে
বৃষ্টি ঝরুক,
বৃষ্টি নামুক
আহা! সে বৃষ্টি
প্রাণের বৃষ্টি। ক্ষত, ক্লেদ, কাদা-জল মাখামাখি- ধুয়ে ধুয়ে যাক অঙ্গের বিষ।
রক্তপ্লাবনে বসন্ত আসে,
বসন্ত আসে, বসন্ত যায়।
হায়েনারা সতর্ক আজও মাঝরাতে, মুখোশ আড়ালে।
ঘোলাটে দৃশ্যপথে মুখ থুবড়িয়ে পড়ে মাতাল, ঠান্ডা হিম মাটির আদরে, গভীর আহ্লাদে
বুক ভরে নেয় সিক্ত মাটির ঘ্রান-চোখ বুজে, নিস্তেজ শরীরে।
অলৌকিক আলোর আহ্লাদে মাঝরাতে হঠাৎ ডান হাতের তর্জনী যেন নড়ে উঠে একটু,
ঘড়িতে দম দিতে হবে,
সময় থেমে নেই। হায়েনারা সতর্ক আজও মুখোশের আড়ালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

