হালকা আকাশী শাড়ি পরে টিএসসির বাইরে এসে দাঁড়িয়েছে অপরাজিতা । পায়ের নীচের মাটিটা কেমন নড়বড়ে মনে হচ্ছে । মাথাটা ঘুরছে । আজ তার পুরো পৃথিবী এলোমেলো হয়ে গেছে । এমনটা হওয়ার কথা ছিল না । সুন্দর একটা দিন পাওয়ার আশায় খুব ভোরে ঘুম থেকে উঠে গোসল করে পলাশের পছন্দের আকাশী শাড়িটা পরে চোখে কাজল দিয়েছে সে । শাড়ির আঁচলের সাথে মিলিয়ে কপালে নীল টিপ আর হাতে নীল কাঁচের চুড়ি । নতুন একটা বেসরকারী চ্যানেলে পার্টটাইম জার্নালিজমের কাজ পেয়েছে আপরাজিতা । দু’দিন আগে চাকরী কনফার্ম হলেও পলাশকে বলেনি চমক দেওয়ার জন্য ।
আজ সকাল দশটায় পলাশকে টিএসসিতে আসতে বলেছে । সাড়ে নয়টা থেকে একাই বসে আছে অপরাজিতা । গত তিন বছরে একটি দিনের জন্যও অপরাজিতাকে অপেক্ষা করতে হয় নি । নির্ধারিত সময়ের অনেক আগে এসে পলাশ বসে থাকতো । আজ আসে নি । এগারোটার সময় চোখ মুখে যথাসম্ভব বিরক্তি নিয়ে পলাশ এসে বসলো । ‘একটা সুখবর আছে ' এতুটুকু বলেই থামতে হল কথা আগানোর আগেই পলাশ বলে উঠলো , ' তোমার সুখবর পরে শুনব আগে আমার কথা শোন । আমার পক্ষে সম্পর্ক রাখা সম্ভব না । ক্যারিয়ার নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় । প্রেম-ভালোবাসা করার মত যথেষ্ট সময় আমার হাতে নাই ' এই বাক্যটিই এলোমেলো করে দিল অপরাজিতার পৃথিবী । 'আমার তাড়া আছে , আমি গেলাম । আর শোন যখন তখন ফোন দিয়ে বিরক্ত করাটা আমার পছন্দ না মিটিং এ থাকতে হয়। ' অপরাজিতাকে কিছু বলার সুযোগ না দিয়েই উঠে চলে গেল পলাশ । ছলছল চোখে কিছুক্ষণ পলাশের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থেকে একসময় উঠে আসলো অপরাজিতা । বারোটার বাসে বাসায় চলে যাবে সে । বাসের এখনো ৩০ মিনিট বাকী । এই সময়টা রোকেয়া হলের সামনের রাস্তায় বসে থাকা যায় । এখানেই পলাশের সাথে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করেছে । শাড়ি পরে ক্যাম্পাসে আসলেই পলাশ একটা ফুলের মালা কিনে দিবে এটা অলিখিত নিয়ম । মতি নামের একটা রোগা পটকা ছেলের থেকেই বেশীরভাগ ফুলেরমালা কেনা হয় । আজ একা বসে থাকতে দেখে মতি এসে বললো ' আফা একা বইসা আছেন ক্যান ? ভাইজান কই ? মালা নিবেন না ? টাটকা ফুলের মালা আনছি '
মালা নিবো না বিরক্ত করিস না
'একটা মালা নেন আফা’
মতির অনুরোধে অনিচ্ছা স্বত্বেও মালা নিল
ব্যাগের চেইন খুলে মালা রাখতে গিয়েই চোখ গেল গোলাপের দিকে । পলাশকে দেয়ার জন্য কিনেছিল দেওয়ার সুযোগ হয়নি।
আজ নতুন করে পুরাতন স্মৃতিগুলো মনে পড়ছে অপরাজিতার । এক চৈত্রের দুপুরে নীলক্ষেতের বইয়ের দোকানে পলাশের সাথে পরিচয় খুবই সাদামাটাভাবে । জানা গেল দু'জনই ঢাবিতে পড়ে । তবে ইয়ার এবং ডিপার্টমেন্ট আলাদা । সেদিনের ঘটনা এখানেই শেষ । সপ্তাহখানিক পরের ঘটনা । সেদিন ভার্সিটির বাস মিস করেছিল অপরাজিতা । জহির স্যারের ক্লাসে পাঁচমিনিট দেরী হলেই ঢোকার নিয়ম নেই তাই পরের বাসে ক্যাম্পাসে এসে টিএসসির ক্যাফেটেরিয়াতে বসে ছিল । ক্লাস শেষে বন্ধুরা সবাই টিএসসিতে পড়বে। কোনার দিকের ফাঁকা একটা টেবিলে বসতেই চোখাচোখি হয় পলাশের সাথে । ‘ ভাইয়া কি একাই এসেছেন ? ফ্রী থাকলে আমার টেবিলে বসতে পারেন’ পলাশ এসে বসলো অপরাজিতার পাশে । ভাগ্যদেবতা প্রসন্ন ছিল কিনা জানিনা হঠাৎ বান্ধবী শীলার ম্যাসেজ ‘দোস্ত স্যার আজ দুইঘন্টা ক্লাস নিবেন তুই টিএসসিতেই থাক । আমরা ক্লাস শেষে আসবো’ দুজনের গল্প চললো বেশ কিছুটা সময় । ফোন নম্বর দেওয়া নেওয়া । অপরাজিতার বান্ধবীরা আসলে ওদের সাথে পরিচিত হয়ে বিদায় নিল পলাশ ।
কিছুদিন নিরুত্তাপ চলার পর হঠাৎ একদিন পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাতে ফোন দেয় পলাশ।
ওদের সাধারণ কিংবা অসাধারণ ভালোবাসার শুরুটা এভাবেই । একেবারেই মধ্যবিত্ত পরিবারের ছেলে পলাশ । মফস্বল থেকে ঢাবি'তে পড়তে আসা । আর পাঁচটা সাধারণ ছাত্রের মতই হলের গণরুমে থাকার মধ্যদিয়ে জীবনের নতুন সংগ্রামের শুরু । পলাশের বাবা সরকারী চাকরী থেকে রিটায়ার্ড করেছেন পাঁচ বছর আগে । ছোট ভাই ক্লাস টেনে পড়ে । বাবার পেনশনের টাকাগুলোই চারজনের সংসারের একমাত্র সহায় ।
বাড়ি থেকে খুব একটা টাকা পয়সা নেওয়ার সুযোগ ছিল না পলাশের । হলের এক বড় ভাইয়ের মাধ্যমে একটা টিউশনি জোগাড় হয়ে গেল একদিন । তারপরে ধীরে ধীরে টিউশনির পরিমাণ বেড়ে গেল ।
অপরাজিতারও একই অবস্থা । বাবার ছোট একটা চাকরী । বাসা ভাড়া , ছোট দুই ভাইবোনের স্কুলের বেতন আর দৈনন্দিন চাল ডাল কিনতেই ফুরিয়ে যায় সব টাকা । তারও একমাত্র সহায় টিউশনির টাকা । এভাবেই জীবনের সাথে যুদ্ধ করতে করতে ভালোবাসার ভেলা এগিয়ে চলে । পলাশের জন্য খুব মায়া হতো অপরাজিতার । দিনের পর দিন পুরাতন শার্ট আর শতছিন্ন স্যান্ডেল পরে কাটিয়ে দেওয়া পলাশকে তাই মাঝে মাঝে টিউশনির টাকা দিয়ে নিউমার্কেট থেকে দামাদামি করে শার্ট কিনে দিতো । খুব কষ্ট করেই টাকা গুছাতো অপরাজিতা । সহজে রিকশায় চড়তো না । রিকশা ভাড়ার ১০-১৫ টাকাও তার কাছে অনেক বেশী । জীবনের সাথে সংগ্রাম করা দুটো প্রাণ যখন টিএসসির আঙ্গিনায় হাত ধরে বসে থাকতো তখন অন্যদের ঈর্ষা হতো বৈ কি !
প্রতিদিন ছাত্রের মায়ের হাজারটা অভিযোগে টিউশনি করতে বিরক্ত ধরে যায় । একসময় টিউশনি ছেড়ে পত্রিকায় কন্ট্রিবিউটর ফিচার লেখক হিসেবে যোগ দেয় পলাশ । এর কিছুদিন পরেই মেঘ না চাইতেই বৃষ্টির মত সুযোগ চলে আসে একটা বেসরকারী টিভি চ্যানেলে পার্টটাইম জার্নালিস্ট হিসেবে কাজ করার । অপরাজিতার অনেক স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে দু’জনই একসাথে সাংবাদিকতা করবে । কিন্তু পার্টটাইম সাংবাদিক হিসেবে কাজ শুরু করার ছয় মাস পরেই মাস্টার্স শেষ হয়ে যায় পলাশের । এরপর এক বহুজাতিক কোম্পানিতে চাকরি শুরু করে । চাকরিটা কোনভাবেই পছন্দ হয়নি অপরাজিতার । বারবার পলাশকে অনুরোধ করেছিল সাংবাদিকতায় ফুলটাইম না হয়ে বহুজাতিক কোম্পানির চাকরি বেছে নিল পলাশ । সাংবাদিকের অনিশ্চিত জীবন নাকি তার ভালো লাগে না । এরপর থেকেই বদলে যেতে থাকে পলাশ । অপরাজিতাকে এড়িয়ে চলতে থাকে । পলাশের কাছের বন্ধুরা অপরাজিতাকে অনেকবার বলার চেষ্টা করেছে পলাশ তার অফিসের এক সহকর্মীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে । অপরাজিতা কখনই কান করেনি । আজ বুঝতে পারছে পলাশের বন্ধুরা ভুল বলেনি । দুনিয়াভেঙ্গে কান্না আসলেও পরিচিত লোকজন দেখে ফেলবে ভয়ে কাঁদতে পয়ারছে না । বিধাতা বোধহয় অপরাজিতার মনের কথা বুঝতে পেরেছিলেন তাই আকাশভেঙ্গে বৃষ্টি দিলেন । অঝোরে কাঁদতে কাঁদতেই সিদ্ধান্ত নেয় পলাশকে ছড়া সে থাকবে না আর এই পৃথিবীতে । বাসায় ফেরার সময় মোড়ের দোকানটা থেকে কিছু ঘুমের ঔষধ কিনবে । তারপর সবার অগচোরে পৃথিবী ছাড়বে । এমন সময় সেই বান্ধবী শীলার ফোন ‘দোস্ত আমাদের বাড়িওয়ালার ছোট ছেলেটা স্কুল থেকে ফেরার সময় অ্যাকসিডেন্ট করেছে । ও পজেটিভ ব্লাড লাগবে তুই কি ডিএমসিতে এসে ব্লাড দিতে পারবি ? ধরা গলায় অপরাজিতা বললো ‘আসছি’
ব্লাড দিয়ে মেডিকেল থেকে বের হয়ে অপরাজিতার মনে হল পৃথিবীটা খুব সুন্দর । বেঁচে থাকলে বাঁচিয়ে দেওয়া যাবে আরো অনেক প্রাণ । আত্মহত্যা করার কোন মানে হয় না ।
দশ বছর পরের ঘটনা
অপরাজিতা আত্মহত্যা করেনি । পড়ালেখা শেষ করে এখন সে ফুলটাইম জার্নালিস্ট । পলাশকে পাশে না পেলেও জীবনসাথী হিসেবে পেয়েছে সাংবাদিক অপুকে । এই দশবছরে জীবনে অনেক চড়াই-উতরাই পাড়ি দিতে হয়েছে । সাংবাদিকতা করতে যেয়ে অনেক প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছে । বিপদে-আপদে বন্ধুর মত পাশে পেয়েছে অপুকে । কাজ করেছে নারী নির্যাতন , ধর্ষণ , এসিড সন্ত্রাস , নারী পাচারের মত বিষয়গুলো নিয়ে । নিউজ রিপোর্টিং করে থামিয়ে দিয়েছে হাজারো অপরাজিতার অপমৃত্যু । পাঁচ বছরের ছেলে আদিত্য মাকে নিয়ে গর্ব করে বন্ধুদের বলে ‘জানিস আমার আম্মু ইয়া বড় সাংবাদিক । কতগুলা গুন্ডা একটা মেয়েকে মেরেছিল । আমার আম্মু টিভিতে নিউজ করে গুন্ডাগুলোকে পুলিশে ধরিয়ে দিয়েছে’
ছোট আদিত্য জানে না সেই গুন্ডাগুলোই ধর্ষক , নারী নির্যাতক , নারী পাচারকারী কিংবা এসিড নিক্ষেপকারী ....................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


