কাকে বলি - সকালের আলো আমায় আর না দেখুক
যে গাছের ডাল ভেঙ্গে পাখির ছায়া মরে -
যে গাছের ডাল ভেঙ্গে বৃষ্টির ফোঁটা চোখ মুছে উধাও হয়,
তার উপর গোল হয়ে সেই কখন থেকে বসে আছে আমার বিদেশী মন,
ঘরমুখো পাখিদের বুকে হুক আটকে ছিঁড়ি ক্যাকটাস -
ছিঁড়ি নাকফুলের গোপন পেন্ডুলাম -
নিয়তির উলুধ্বনিতে যখন তখন একাকার করি আমাকে -
শুধু কবিতার জন্যে' সমস্ত শহর একদিনের জন্যে ফাঁকা করে
উড়িয়ে আনি রোহিঙ্গা রাতের বিলবোর্ড- '
নিদ্রা বাটন খুলে আবিষ্কার করি সকালের বাসি ঠোঁট আর
ঠিক করি চুমোর বৈজ্ঞানিক নাম;
বিছানার এক পাশে দাড় টেনে সংগম করি এক পাল নিঃসঙ্গতা,
মাধবী লতার বীজ উপড়ে ওদের কাউকে একেবারে উড়ে যেতে বলি-নি।
উত্কন্ঠার ট্রামে ছদ্দবেশে যেতে যেতে মধ্যরাতে অন্যরকম লাগে
সিরামিক পুকুরে ডুবিয়ে দিয়ে যেদিন প্রথম আমার চোখ বাঁধা হলো
বুঝলাম পূর্নিমার রঙে ঘুমের সব'কটা রং থাকেনা -
থাকে শুধু ভুলের সুরিয়ালিস্টি আলোড়ন -
শুক তারার মৌনতা উন্মোচন করে নির্জনতার ডাকনাম
কি করে সন্ধ্যার মুখোশ খুলে আলাদা হয়।
কাকে বলি - সকালের আলো আমায় আর না দেখুক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




