মসজিদ থেকে জুমআ'র নামাজ পড়ে বের হওয়া মাত্রই একটা লোক হাসিমুখে এগিয়ে এসে একটা লিফলেট এগিয়ে দিলো। শহর লন্ডনে কেউ যখন আমাকে এইরকম কার্ড কিংবা লিফলেট এগিয়ে দেয় আমি তখন নিই। এমনকি সংগি কেউ থাকলে তাকেও বলি একটা নিতে। কারন ৪/৫ বছর পূর্বে যখন স্টুডেন্ট ভিসায় হাজার হাজার স্টুডেন্ট বৃটেনে এসে কাজের অভাবে খুব কঠিন কষ্টকর জিবন যাপন করছিলো তখন এই লিফলেট ডিস্ট্রিবিউশনের কাজটি ছিলো ত্রানের মতো। প্রচন্ড রোদে কিংবা বরফপাতের হিমশীতল সময়ে যখন দেখতাম কোন বাঙালী ভাই স্টেশনের সামনে দাঁড়িয়ে লিফলেট ডিস্ট্রিবশন করছেন তখন দৌড়ে যেয়ে লিফলেট নিতাম। ধারন করতাম একটা লিফলেট নিয়ে ভাইটির সময় ও কষ্ট কিছুটা লাঘব করি। ভাবতাম আজ আল্লাহ আমাকে একটা ভালো কাজ দিয়েছেন বলে কষ্টকর কাজে নিয়োজিত ভাইদের কষ্টটা অবহেলা করা উচিত নয়।
লন্ডনের আকাশে আজ কাঠফাটা রোদ। ঝলসানো রোদে সিদ্ধ সিদ্ধ অবস্থা। আর এমনি এক কঠিন রোদ্দুরে যিনি লিফলেট বিতরন করছেন তিনি আর কেউ নন সয়ং এমপি নিজেই। লিফলেটটি হাতে নিয়ে একবার লিফলেটের দিকে আরেকবার লোকটির দিকে তাকাই। হতবাক হয়ে যাচ্ছি তার কান্ড কারখানা দেখে। ভাবি আমি কি পৃথিবীতে আছি? পৃথিবীর কোন এমপি এমন করে কাঠফাটা রোদে ঘর্মাক্ত হয়ে তার এলাকার অতি ক্ষুদ্র সংখ্যালঘু মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাতে নিজ হাতে রাস্তায় দাঁড়িয়ে ঈদকার্ড বিলি করছেন এ আমার কাছে এক আশ্চর্যজনক বিষয় বটে। আমি শেফার্ডস বুশের কোন এক মসজিদের বাইরে দাঁড়িয়ে দুচোখ ভরে দেখছি বৃটেনের একজন মেম্বার অব পার্লামেন্ট সবার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন আর একটা করে ঈদ কার্ড বিলি করছেন। নয়নভরে সেই নয়ানাভিরাম দৃশ্য দেখার সাথে সাথে প্রান ভরে তার জন্য দোয়া করলাম।
![]()
আফসোস করছিলাম আমাদের দেশে আমরা কি কখনো এমন এমপি পাবো? যিনি আরাম আয়েশের চেয়ার ছেড়ে, উঁচুগলা বাগাড়াম্বর সর্বস্ব বক্তৃতা ছেড়ে এমন করে জনতার কাতারে মিশে যেতে পারেন? এ দৃশ্য যতদিন দেখবোনা বাংলাদেশের মসজিদ-মন্দির, পথে-ঘাটে ততদিন হয়তো সেই কাঙ্খিত স্বপ্নের সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না??
আ্যান্ডি স্লোটার আমাকে আরো মুগ্ধ করেছেন তার ইজরেল বিরোধী অবস্থান ও গাজার প্রতি পূর্ন সহমর্মিতা প্রকাশের মাধ্যমে। থ্যাংক ইউ আ্যান্ডি। গড ব্লেস ইউ।
![]()
বি.দ্র:
[ বিলেতে এমন ঘটনা মোটেও অনন্য নয়। হররোজ এমন ঘটনা আমরা দেখি। আমরা দেখি ডেভিড ক্যামেরন সাধারন যাত্রীবাহী ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিসে যাচ্ছেন। আমারা দেখি একজন মন্ত্রী সাইকলে চালিয়ে বাসায় যাচ্ছেন। আমরা দেখি একজন ডাকসাইটে মন্ত্রী একটা প্লাজমা টিভি কিনে বিতর্ক তৈরির কারনে মন্ত্রনালয় ছেড়ে দিয়েছেন। ]
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



