আসমানের তারাকে সেদিন বললাম
আজ অন্তত ঘুমিয়ে থাকো
চাঁদের মায়াবী আলো
আমাকে দেখতে দাও।
পৃথিবীর সব ফুলকে অনুরোধ জানালাম
আজ অন্তত প্রস্ফুটিত হইওনা
গোলাপের মোহনীয় সৌন্দর্যটুকু
আমাকে উপভোগ করতে দাও।
পৃথিবীর সব জলরাশিকে বললাম
আজ অন্তত থেমে যাও
বয়ে যাওয়া ঢেউয়ের কলকলানি
আমাকে শুনতে দাও।
পৃথিবীর সব পাখিদের বললাম
আজ অন্তত কিচিরমিচির বন্ধ কর
কোকিলের কণ্ঠে মধুর কহুকুহু
আমাকে শুনতে দাও।
আকাশের সব মেঘমালাকে বললাম
আজ অন্তত বিলীন হয়ে যাও
আকাশের ওই নীলটুকু
আমাকে দেখতে দাও।
পৃথিবীর সব ছায়াকে বললাম
আজ অন্তত সরে যাও
প্রিয়ার কালো ছায়াটুকু
আমাকে দেখতে দাও।
পৃথিবীর সব গাছকে বললাম
একটু বেশি অক্সিজেন ছাড়ো
কারণ মানুষ পোড়ার গন্ধে
আজ আমার দম বন্ধ হয়ে যাচ্ছে
আমাকে বাঁচতে দাও।।
রিয়াজ, ১৭.০২.২০১৫, সাভার, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


