তিনজন সম্পূর্ন ভিন্নধর্মী মানুষ !
একজন, ব্লগার মাঝে সব চাইতে অভব্য আচরন করে কুখ্যাত । অথচ সত্যি জীবনে সবচাইতে ভদ্র , সংবেদনশীল মানুষ ! যে ব্লগে কাউকে সহ্য করে না, সে ব্যক্তি জীবনে কি সহ্য , কি প্রচন্ড আত্মত্যাগ করে চলেছে,কেউ কোন দিন জানবে না।
একজন সবার সামনে , সবার সাথে , পৃথিবীর সবচেয়ে দক্ষ ব্যবস্থাপক । সবাইকে , সব কিছুকে ম্যানেজ করে ফেলেন। শুধু নিজের অন্তরকে আজ পর্যন্ত ম্যানেজ করতে পারলেন না, চেষ্টা করতে করতে হয়ে গেলেন রোবট । সেও অন্য কাউকে সুখী রাখতে গিয়ে ।
একজন , সবার বন্ধু, সবার কাছের মানুষ, আসলে সবার কাছেই সম্পূর্ণ অধরা মানুষ। সুউচচ অগ্নিকুন্ডের ঠিক মাঝখানে প্রচন্ড অন্ধকারে বসে থাকা একা মানুষ । দুনিয়ার কষ্ট শুষে নেওয়া এই মানুষটাকে এই দুনিয়া চিরজীবনই ভুল বুঝবে, এটাই নিয়তি!
আজকের সন্ধ্যায় তিনজনকেই দেখলাম এক সাথে। তারা মিললো , কোন কারন ছাড়াই । আলোচনা হলো মানবতার উপকারে কি কি করা যায় । যখন ঠিক হয়ে গেল সব কাজের শুলুক সন্ধান, তখন শুরু হলো উদ্দেশ্যহীন ঘুরাঘুরি !
আবোল তাবোল কথার ফুলঝুরি ! প্রশংসা আর নিন্দা, সমালোচনা আর মুগ্ধতা , একই বাক্যে , একই ব্যক্তির প্রতি ছুড়ে দেওয়া বার বার। তিন জনই এই প্রতিভা সম্পন্ন । তাই হাসতে হাসতে পেট ব্যথা !
প্রত্যেকেই ফিরে যাবো ।
প্রত্যেকেই ভুলে থাকতে চাই, আমাদের আমিদের!
আমরা সবাই তাই নিপুন দক্ষতায় অভিনয় করে যাই । অনেক কথা বলি। কিন্তু সত্যি কথা কেউ বলি না। বলি না, "ভালো নেই" । বলি না, "বাংলাদেশ মরে গেছে, আমরা বাংলাকে ধর্ষন করে গলা টিপে হত্যা করেছি" । বলি না, " ৭৫ জন মারা গেছে শীতে আর গ্যটে ইন্সটিটিউটে আজকে ভালো ছবি দেখাচ্ছে" । কারন আমরা খারাপ থাকাকে ভুলে যাওয়ার জন্যই বেরিয়েছি!
হয়তো আছে অভাবনীয় সফলতা, প্রত্যেকের জীবনেই । হয়তো আছে না এড়াতে পারা চরম ব্যর্থতা ।
তবে , আরো দুটো মিল খুঁজে পেলাম ।
তিন জনের কেউই সত্য কথা বলে না। বলে না তাদের কষ্টের কথা।
তিন জনের প্রত্যেকেই ভয়ংকর একা । বলে লাভ নেই। এই মহাজাগতিক একাকীত্ব , "কসমিক টেরর অফ আইসোলেশন" আমৃত্যু রয়ে যাবে । আত্মাকে কুরে কুরে খাবে !!
কবিরা কোন দিনই ঠিক সময়ে জন্মায় না। সব সময়ই কবিদের জন্য "ভুল সময়" । বেঁচে থাকতে হয় যেই সব কবিদের, "তারা কেউ সত্যি কথা বলে না" । সবাই কি আর বিনয় মজুমদার হতে পারে? বা, সুকান্ত?
কষ্টরা তো সাদা কালো পায়রা নয়
ছেড়ে দিলেই সুদূর আকাশে মিলিয়ে যাবে
মস্তিষ্কের কোটরে বাসা বাধবে কষ্টের উইপোকা
বুকের জমিনে বসে সে শুধু কুরে কুরে খাবে !
৯ই জানুয়ারী ২০০৭
ঢাকা
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


