দ্যাখো আজ আমি কবিতার সাজে সেজেছি,
কতশত শব্দ-চরণ, মাধুর্য ঝরে পড়ছে ।
-হিংসা, ঘৃণা, ক্রোধ, ক্লেদ, মৃত, সময়- অসময়,
সুখ, হাসি, স্বপ্ন, ছন্দ, চয়ন, জীবন, সরল, যতন,
আশা, আকাংখা, নীরব, নিথর, নিরাশ, ক্লান্তি, শক্তি,
ক্ষুর, ফুল, বুলেট, চোখ, অগ্নি , চুম্বন, চন্দ্র, খুন-
কী নেই আমার ! সবই করেছি নিজস্ব ।
ধারণ করেছি অসমাপ্ত, ধারণ করছি ডুবন্ত সূর্য;
বুক চিড়ে দেখাতে পারি আঁধার আছে সুগহীন,
আছে নোনা জলের লুকায়িত স্বতন্ত্র মহাসমুদ্র ।
দ্যাখো ! দ্যাখো...
ঝরে পড়া কুঁড়িয়ে নিচ্ছে কবি, কবিতাপ্রেমীরা ।
‘’এই দেহে রয়েছে ফুলসজ্জায় সাজানো হৃদয়,
রয়েছে নীরব থাকা সুখগুলো- রাত্রিগুলো,
রয়েছে অব্যক্ত বুলির শুদ্ধ উচ্চারণ,
রয়েছে শাসন, অকুতোভয় ;
হয়েছে কর্মঠ রমনীর সৌন্দর্য চর্চায়,
কিংবা যুবকের নিষ্কণ্টক ভালোবাসা বুননে ;
আছে পরাজয়, গ্লানির নিঃশেষ গোলাপ,
আছে আকাশ ছোঁয়ার অক্লান্ত রশ্মি ;
স্বপ্ন পূরণের কন্ঠে দেয় নিকষিত সু্র,
শূণ্যতার বুকে দেয় চাওয়া এঁকে,
দুর্জ্ঞেয় ভাঙ্গতে দেয় বিজয়ী সূর্য ।''
''এই দেহ আরো ধারণ করে নিগ্রহ-বিলাপ,
নিঃস্ব চরণ যা করেছে হরণ সুস্থ নয়ন;
এখানে আছে পাপ- পাপীষ্ঠ,
আয়োজন আছে বিষধরের;
খুঁটে খুঁটে করে ধর্ম অবমাননা,
করে সুকর্মের নিঃশ্বাস ছেঁদন;
শুভেচ্ছা জানায় বিষাক্ত নিয়তিকে,
বিদায়ে ধুর-ধুর করে আনন্দ অশ্রু ।''
এবার এসেছে তোমার ঘর,
তুলবে কী আমায় ? নাকি দেবে তাড়িয়ে ?
ভেবে দ্যাখো, হতে পারি সুখপিয়াসী নয়তো সর্বগ্রাসী ।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




