ভালোবাসার ক্ষুদ্র ক্ষুদ্র প্রাপ্তিগুলি জীবনের কোনা কাঞ্চিতে জমে জমে আজ বিশাল জঞ্জালে পরিনত হয়েছে যেনো। অতি যত্নে যেসব চিরকুটের সারি থরে থরে সাজিয়ে রেখেছিলাম, সেসব আজ ঘুনে খাওয়া এক স্তুপ কাগজের বাণ্ডিল ছাড়া আর কোনও মানে বহন করেনা। একবারের জন্যেও খুলে দেখতে ইচ্ছে করেনা জনম জনমের আবেগে ভরা সেসব হাল খাতা। কত সুন্দর করেই না লিখতিস 'প্রিয় হরিন, আজ ঘুমে থেকেই উঠেই মনে হয়েছে আমি অপহৃত। কাল রাতের অবিরাম বৃষ্টির মাঝেই কখন যেন আমাকে অপহরন করে নিয়ে এসেছিস চির ফাগুনের হলুদ আলোয়্ রাঙ্গানো রাধা চুড়ার বিছানা পাতা অজানা কোন পাতালপুরীর দেশে। ওরে হলদে হরিন ছানা, তুই কি জানিস ভোরের আলো ফোটার আগেই আমি এসে নিঃশব্দে তোর দরোজার ঘ্রান শুকে প্রান জুড়িয়ে নিয়েছি? জানবি কি করে? তুই তো বাদলের আচলে পেচিয়ে পাথরের মত ঘুমিয়ে থাকিস। কি করে এতো পারিস বলতো দেখি'।
আমার দেরাজের হৃদয় ভর্তি হয়ে রয়েছে দুই যুগের পুরোনো হাজারে হাজার শুকনো বকুলের কংকাল হয়ে যাওয়া পাপড়িতে। ঠিক যেন আমাদের ভালোবাসার মতই ধীরে ধীরে ক্ষয়ে কালো হয়ে যাওয়া আরেকটি আবর্জনার স্তুপ। তোর কথাই অবশেষে ঠিক ঠিক ফলে গেল কুসুম। শুকনো ঝাউ পাতার মত অবিরাম উড়োউড়ি করে অবশেষে নিখাদ ভস্মের দিকে এগিয়ে চলেছি। আমি আর আমার জঞ্জালেরা যেন এক মাহেন্দ্রের অপেক্ষায় অধির হয়ে আছি । যেন ওরা অপেক্ষা করছে আমার চিতার জালানি হবার আশায়।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




