মৃত্যুর আগে
আমার পিতা যেমন
মুখ টিপে হেসেছিলেন
আমি তেমন প্রশান্ত,
একমাত্র বিদায় নে'য়া ছাড়া
আমার কারুর সঙ্গে
কোনো সম্পর্ক নেই।
এই ঘর
ঘরের বাইরে পথ
পথের ধারে গাছ আবর্জনা
যত্ন করে লেখা
মনোহারী দোকানের নাম
পথের বুকের মধ্যে
পথিকের পায়ের চিহ্নের রহস্য
হাওয়ায়
উড়ে আসা পাতা
খানা খন্দে
জমে থাকা বৃষ্টি
আমি তাদেরকে রোজ দেখি
অথচ চিনি না।
আমি জানতে চাই না
ঝড়ে পাতা ছিড়লে
গাছ কত কষ্ট পায়
পথিকেরা কোথায় গ্যাছে
কেন গ্যাছে
রোদ কখন নরোম হবে
জল কাদা কবে শুকোবে
মনোহারী দোকানের নাম
কখন আর পড়া যাবে না
এসব নিয়ে
আমার মাথাব্যথা নেই
কারণ আমি সব সম্পর্ক
চুকিয়ে ফেলেছি,
আমি এখন যাবার জন্য তৈরী।
আমি কোনদিন কিছু ছিলাম না
আমি কোনদিন কিছু হতে পারবো না
আমাকে কাজের জন্য
যে নিয়োগপত্র দেয়া হয়েছিলো
তা' আমি
জানালা দিয়ে ফেলে দিয়েছি।
মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে
তারা সকলে বড় একরকম
তারা ভাবে কিন্তু দ্যাখে না।
আমি বৃক্ষ তরুলতা
সূর্য্যোদয় চন্দ্রিমা
তারার মত ফুল ফোটা
ঢালুর মধ্যে জল গড়িয়ে পড়া
ঘাসের মধ্যে হাওয়ার আনাগোনা
দেখতে চেয়েছি
কিন্তু ভাবনা
বৃষ্টিতে পথ চলার মত
অস্বস্তিকর
আমার চোখকে ঝাপসা ক'রে দেয়।
আমি আমার ঘরের
চার দেয়ালের কোণা ছাড়া
কিছুই দেখতে পারি না।
আমি কোনদিন কিছু ছিলাম না
এবং আমার কোনো অভিলাস ছিল না
অথচ আমার ভিতর
পৃথিবীর তাবৎ স্বপ্ন,
ঘুম ভাঙ্গলে
মনে থাকে না।
আমার বুকের মধ্যে অনেক ভালবাসা
কিন্তু একমাত্র বিদায় নেয়া ছাড়া
আমার কারুর সঙ্গে
কোনো সম্পর্ক নেই।
আমি এখন যাবার জন্য তৈরি।
আসলে স্বপ্ন ছাড়া
কোনো কিছুই সম্পূর্ণ না
আমি অনেক স্বপ্ন দেখতে চেয়েছি
দেখি নাই
এবং যা দেখেছি
ঘুম ভাঙ্গলে মনে থাকে না,
আমি এখন যাবার জন্য তৈরি।
আমি জানি
মনোহারী দোকানের
যত্নে লেখা নামের মত
পথের পাশের গাছের মত
অথবা পথিকহীন পথের মত
আমার কবিতা মরে যাবে।
কিন্তু আমার দুঃখ
আমার স্বপ্নদের জন্য,
কারণ যারা মরে যায়
তারা হয়তো
অন্য কোথাও বেঁচে থাকে
কিন্তু যে সব স্বপ্ন আমি দেখতে চেয়েছি
দেখি নাই
দেখেছি এবং ভুলে গেছি
তারা একেবারেই মৃত।
আমি কান্নাহীন অনুকম্পাকে
নিজের প্রতি উত্সর্গ করেছি
এবং জেনেছি
সুন্দর ব'লে কিছু নেই
ফুল ফুল
উজ্জ্বল ব'লে কিছু নেই
তারা তারা
শ্যামল ব'লে কিছু নেই
বৃক্ষ বৃক্ষ
প্রেম বলে কিছু নেই
মানুষ মানুষ
আমি এখন
ভাবতে চাই না দেখতে চাই
আমি আমার
মুমূর্ষু পিতার মত প্রশান্ত
একমাত্র বিদায় নেয়া ছাড়া
আমার কারুর সঙ্গে
কোনো সম্পর্ক নেই
আমি এখন
ভাবনাহীন দ্যাখার জন্য তৈরি
আমি এখন যাবার জন্য তৈরি।
{কবিতাটা আরো বড়, এখানে কেবল কিছু অংশ আছে, মূল কবিতার এটুকুই আমার প্রিয়, হয়তো নিজের সাথে মিল খুঁজে পাই তাই}
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৭ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


