সাধারণত বিশ্ববিদ্যালয় শিক্ষার উদ্দেশ্য মূলত বিশ্বজনীন জ্ঞানদান, জ্ঞান ব্যবস্থাপনা এবং জ্ঞান নির্মাণ। এখানে মুক্তচিন্তা এবং সংস্কৃতির বিকাশের মাধ্যমে সমাজ ও মানুষের কল্যাণ সাধিত হয়। তাই এসবের সুষ্ঠু ও সুস্থ ব্যবস্থাপনার জন্য রাষ্ট্রযন্ত্র বিশ্ববিদ্যালয়কে দিয়েছে স্বায়ত্ত্বশাসন ও গণতান্ত্রিক রীতির চর্চা উপযুক্ত সবকিছু। কিন্তু কালের গহবরে বিশ্ববিদ্যালয়ের এসব মৌলিক বৈশিষ্ট্য খর্ব হতে হতে তলানিতে এসে পৌঁছেছে। আর এর পরিবর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে জায়গা করে নিয়েছে পিটিয়ে, কুপিয়ে, ছুরিকাঘাতে, রগ কেটে জখম বা পঙ্গু করে দেওয়া। আবার ক্ষমতাসীনদলের ছাত্র সংগঠনগুলোর টেন্ডারবাজি,চাঁদাবাজি, হল দখল, ভাংচুর, অগ্নিসংযোগ, যৌন নিপীড়ন তো আছেই। এছাড়া শিক্ষকদের লাল-সাদা-নীল নানা রঙে দলবাজি, অনির্বাচিত উপাচার্য, অকার্যকর সিনেট (কার্যত), ছাত্র সংসদ নির্বাচন নেই- এ রকম নানান ধরনের অপরাধ, অনিয়ম আর বিধি বহির্ভূত কার্যক্রম প্রতিদিন গণমাধ্যমের শিরোনাম হয়ে উঠছে। যেসব মহৎ উদ্দেশ্য নিয়ে ৭৩-এর অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছির তা দৃশ্যত থাকলেও প্রকৃতপক্ষে অনেকটাই অকার্যকর। আর এর অন্যতম একটি দৃষ্টান্ত ছাত্র সংসদ নির্বাচন। গত দুই দশকের বেশি সময় ধরে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয় না। একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শুধু নেতাই তৈরি করে না বরং বহুমাত্রিক কল্যাণও রয়েছে। সুষ্ঠু গণতন্ত্র চর্চার মনন গঠন, সাংস্কৃতিক বিকাশ ও সুনাগরিক হয়ে ওঠার জন্য ছাত্রাবস্থায় এসব চর্চার দরকার অত্যন্ত জরুরী। আর জাতির মেরুদণ্ড এই বিশ্ববিদ্যালয়গুলো থেকেই ভবিষ্যতের তরুণ, আদর্শবান নেতৃত্ব তৈরি হতে পারে। কিন্তু সেটি না হওয়ার কারণে সাম্প্রতিককালে যেমন সাংস্কৃতিক অঙ্গনে এর প্রভাব পড়েছে, তেমনি রাজনেতিক দলগুলোতে অবসরপ্রাপ্ত আমলা, সেনা অফিসার কিংবা বেনিয়াদের আধিক্য লক্ষনীয়।
গত ১৫ অক্টোম্বর, ২০১২ একটি জাতীয় দৈনিকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়- ভেঙ্গে পড়েছে সাংস্কৃতিক বলয়’ শিরোনামে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদন আমাদের মর্মাহত করে। সেখানে সাংস্কৃতিক বলয় ভেঙ্গে যাওয়ার কারণ হিসেবে ডাকসু নির্বাচন না হওয়া ও কর্তৃপক্ষের পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ না নেওয়াকেই দায়ী করা হয়েছে। আমার মনে হয়, এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঘটে নি, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও একই পরিস্থিতি বিদ্যমান। কারণ, ছাত্র সংসদগুলো শুধু নেতৃত্ব বিকাশই নয়, পাশাপাশি যেমন ছাত্রদের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে যুগান্তাকরী ভূমিকা রাখে, তেমনি ছাত্রদের বিভিন্নমুখী প্রতিভাসহ সাহিত্য-সংস্কৃতির বিকাশে বিশেষ অবদান রাখে। কারণ, সাধারণ শিক্ষার্থীদের কাছে নির্বাচিতদের দায়বদ্ধ হতে হয়। নানা অঙ্গীকার ও দায়িত্ব-কর্তব্য নিয়ে অনুগত থাকতে হয়। এছাড়া ছাত্র সংসদগুলোর কাজের পরিধি বিশ্লেষণ করলে দেখা যায়, কাজের বহুমাত্রিকতাও রয়েছে। যেমন- সেখানে সাহিত্য সম্পাদক, সাংস্কৃতিক সাম্পাদক, মহিলা সাম্পাদক, পত্রিকা সম্পাদক ইত্যাদি নামের বেশ কিছু পদ রয়েছে। সেই সময়ে দেখা যেত ডাকসু, রাকসু, চাকসুতে প্রতিবছর পত্রিকা প্রকাশিত হতো। প্রতিবছর সাহিত্য-সাংস্কৃতিক সপ্তাহ পালন হতো। যার ভেতর দিয়ে সমগ্র বিশ্ববিদ্যালয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হতো। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতাকে ছাত্র সংগঠনগুলো নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ হিসেবে দেখত। অর্থাৎ নানা কাজের মাধ্যমে তারা প্রমাণ করতো যে, ছাত্র সংসদ শুধু কয়েকজন অফিশিয়াল নেতাই তৈরি করে তা নয়; বরং ছাত্রদের সংস্কৃতি ও মেধার বিকাশ এবং টেকসই গণতান্ত্রিক ধারা প্রবাহিত করার একটি পরীক্ষিত পথও বটে।
কিন্তু কি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে! ৯০-এর দশক থেকে গণতান্ত্রিক ধারা চালু হলেও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে ছাত্র সংসদ অকার্যকর। বর্তমানে ছাত্র রাজনীতি মানেই সন্ত্রাস, টেন্ডারবাজি-চাঁদাবাজি, রক্তের হোলিখেলা- এমন দৃশ্যই আমাদের চোখে ভেসে আসে। আবার গণতান্ত্রিক ধারার দশকগুলোর কথা চিন্তা করলে দেখা যায়, প্রতিবারই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলোর আধিপত্য, সন্ত্রাস, হল দখল ইত্যাদি নোংরা রাজনীতি বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করছে। এমনকি এখানকার ছাত্রনেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, ছাত্র নিপীড়নের অভিযোগও অহরহ। হাল আমলের এই তথাকথিত ‘ছাত্র রাজনীতি’ দেখে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি, সংস্কৃতি বিমুখ হয়ে পড়ছে। আর এই সুযোগে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের ওপর অন্যান্য শক্তিগুলো নানাভাবে প্রভাব বিস্তার করে নিজেদের স্বার্থ হাসিল করছে।
পাঠক, যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কথাই ধরি। তবে দেখা যাবে যে, এ বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী প্রতিবছর রাকসুর নির্বাচন হওয়ার কথা থাকলেও দীর্ঘ ২৩ বছর ধরে কোন নির্বাচন নেই। ছাত্র সংসদ অকার্যকর। অথচ দেখুন, শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য ঠিকই প্রতিবছর শিক্ষক সমিতির নির্বাচন আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনেরও নির্বাচন ঠিক সময়মত হয়। অথচ বিশ্ববিদ্যালয়ের প্রাণ শিক্ষার্থীদের অধিকার, সুবিধা-অসুবিধা দেখার দৃশ্যত কোন কিছুই নেই। ফলে তারা সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাদি পাচ্ছে না। হলগুলোতে (কতিপয় বাদে) বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় না। টিএসসিসির কার্যক্রম নেই বললেই চলে। এমনকি তারা বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা পর্যন্ত আয়োজন করতে পারে না। কিন্তু প্রতিবছর ভর্তির সময় নিয়মানুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ফি ঠিকই নিচ্ছে। রাকসু ফান্ডে এ পর্যন্ত প্রায় ২ কোটি টাকা অলস পড়ে আছে। প্রতিবছর আরও বাড়ছে এ অর্থ। কিন্তু কোন কার্যক্রম নেই। বর্তমান সরকারের কর্তাব্যক্তিরা প্রাথমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে ‘স্টুডেন্ট কাউন্সিল’ নির্বাচনের ব্যবস্থা করেছে। যাতে ছোটবেলা থেকেই গণতান্ত্রিক চর্চা শুরু হয়। অথচ বিশ্ববিদ্যালয় পর্যায়ে দীর্র্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হলেও এ নিয়ে কারো কোন মাথাব্যাথা নেই। তবে কি পরিকল্পিতভাবেই শির্ক্ষাথীদের অধিকার আদায়, নেতৃত্ব সৃষ্টি, সংস্কৃতি ও গণতান্ত্রিক চর্চার পথ একেবারেই রুদ্ধ করে দেয়া হচ্ছে?
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রক্তসঞ্চালনের মতো অত্যাবশ্যকীয় হল- টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্রকে চর্চা করে দেশের সর্বস্তরে গণতান্ত্রিক ধারার চর্চাকে অব্যহত রাখা। এছাড়া সংস্কৃতি হল একটি জাতির শেকড়। আর এগুলোর অন্যতম চারণক্ষেত্র হল বিশ্ববিদ্যালয়-কলেজ। কিন্তু সরকারের এ নিয়ে কোন কার্যক্রম দেখা যায় নি। তাহলে এ বিষয়টি কি এখনো বুঝতে পারছেন না যে, নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়া কোন প্রতিষ্ঠানে বা সংস্থায় সচল না থাকা মানে সেখানকার গণতন্ত্রবিরোধী মানসিকতার পথ সুগম করা। ছাত্র সংসদ নির্বাচন নেই, সিনেট নির্বাচন নেই; বিশ্ববিদ্যালয় চলছে। হাস্যকর লাগে সবকিছু। অথচ পেছনের দিকে তাকালে দেখতে পাই, ৫২-এর ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৮৩-এর শিক্ষা আন্দোলন, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি সংকটময় মুহুর্তে ছাত্রসমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।
গণতন্ত্রহীন পরিবেশে যেসব শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করছে তারা যে, গণতন্ত্রবিমুখ,সংস্কতিবিমুখ, রাজনীতিবিমুখ, সহিষ্ণু, বৈচিত্রবিমুখ হয়ে উঠছে না তা কি নিশ্চিত করে বলা যায়? এর ফলে যে ক্রমশ রাজনৈতিক সহিংসতা, অস্থিরতা, আধিপত্য, ধ্বংসের লীলা বেড়েই চলছে তা কি প্রশাসন বা সংশ্লিষ্ট দায়িত্বরত ব্যক্তিরা চর্মচক্ষে অনুধাবন করতে পারছেন না? তারা কি দেখছেন না একজন ছাত্রনেতা যা ইচ্ছে তাই করছে। তাদের কোন জবাবদিহিতা নেই, দায়বদ্ধতা নেই। থাকবেই-বা কেন তাকে তো আর সাধারণ শিক্ষার্থীদের কাছে ফিরে যেত হয় না। আর এ জন্যই এসব ছাত্রনেতা ‘ফ্রাঙ্কেস্টাইন’ হয়ে দাঁড়িয়েছে।
মোটকথা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ চালু হলে দীর্ঘমেয়াদে ছাত্র রাজনীতিতে যে দুস্যুবৃত্তি তৈরি হয়েছে তার দ্রুত অবসান হবে। ছাত্ররা অসুস্থ ধারা থেকে সুস্থ ধারার প্রতিযোগিতার দিকে ফিরে আসবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিরে পাবে তার হারানো গৌরব। আমরা এখনো স্বপ্ন দেখি, এখনো মনের ক্যানভাসে ছবি আঁকি, একদিন বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনেক ত্যাগী, সংস্কৃতিমনা, আদর্শবান নেতৃত্ব তৈরি হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। তাই মনে করি, বিশ্ববিদ্যালয়গুলোর কর্তাব্যক্তিরা যদি স্বায়ত্তশাসনের কোন দিক খর্ব না করে নিজেদের বিভদ ভুলে গিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে, তবে চাঁদাবাজি-টেন্ডারবাজি, গোলাগুলির রাজনীতির থেকে সৃজনশীল, সুষ্ঠু রাজনীতির ধারা প্রাণ ফিরে পাবে। সংস্কৃতি চর্চা, সৃষ্টিশীল অধ্যায়ন ও গবেষণার সম্প্রসারণ, জ্ঞান-বিজ্ঞানের ব্যাপকতায় শিক্ষাঙ্গনের ত্রিসীমানা ছেড়ে পালিযে যাবে অস্ত্রবাজি, দৌরাত্ম্য আর অপরাজনীতি। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ও নিজস্ব সংস্কৃতির বিকাশে সুদর প্রসারী ভূমিকা রাখতে পারবে এই ছাত্র সংসদগুলোর সৃষ্ট নেতৃত্ব। তাই প্রশাসন বা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের খোঁড়া অজুহাত না দেখিয়ে যেকোন মূল্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত অত্যন্ত জরুরী
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



