আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসেছে,
কিছু লিখতে হবে,
কিন্তু কলমের মাথা থেকে তো
কালি বেরুচ্ছে না,
কেবলই লাল ছোপ ছোপ রক্ত ঝরে পড়ছে,
রফিক, সালাম, বরকতের রক্ত!
রুক্ষ শীতের পাতাঝরা দিনতো
শেষ হয়ে গিয়েছে,
এসেছে বাংলার দামাল ছেলেদের
তাজা রক্ত ঝরার দিন,
এসেছে ২১শে ফেব্রুয়ারী,
ভাষা শহীদের স্মৃতি স্মরণের দিন,
শোকের অশ্রু
চোখ থেকে মুছে ফেলে,
দেশ গড়ার কঠিন শপথ নেয়ার দিন।
এসেছে অমর একুশ
বাংলাভাষার দিন।
কোন এক মনিষী বলেছিলেন
“উর্বর মাটিতে কেবল
শস্যই জন্ম নেয়না,
এ মাটির রসে তেজোদ্দীপ্ত হয়
শতাব্দী জয়ী স্বর্ণসন্তানেরা”।
বাংলার উর্বর জমিন
পৃথিবীকে তাইতো উপহার দিয়েছে
ভাষার জন্যে বুকের রক্ত ঢেলে দেয়া
কিছু দুঃসাহসী প্রাণ।
যে উজ্জ্বল নক্ষত্রসম প্রাণগুলো
অকালে ঝরে গিয়ে
পৃথিবীর বুকে বাংলার নাম
স্বর্ণাক্ষরে লিখে রেখে গেছেন।
তাঁদের কারনেই, বাংলার
“ভাষা শহীদ দিবস” আজ
“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”।
এই দিনে তাই,
শ্রদ্ধাবনত হয়ে
তাঁদেরকেই স্মরণ করছি।
“হে আমার ভাষা শহীদ ভাইয়েরা,
অন্তরের অন্তঃস্থল থেকে ভালবাসা, শ্রদ্ধা,
আর চোখের পানি ছাড়া
এই দিনে তোমাদের উৎসর্গ করার মতো
আর কিছুই যে নেই আমাদের!
এই নগন্যের পক্ষ থেকে তাই,
তোমাদের উদ্দেশ্যে
শতকোটি সশ্রদ্ধ সালাম।
চিরকাল অম্লান থাকবে তোমরা
আমাদের স্মৃতিতে...............”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


