মা’যে আমার হৃদয় মাঝে বেঁচে থাকার স্পন্দন,
দুঃখের দিনে জড়িয়ে মাকে দুঃখ ভোলার ক্রন্দন।
সেই মা আমার হারিয়ে গেছে ১৫ বছর আগে,
মায়ের মতই হারিয়ে যেতে বড় সাধ আজ জাগে।
ওগো দয়াময়, নিখিলের প্রভু, হে খোদা রহমান,
হেলায় কেন কেড়ে নিলে তুমি আমার মায়ের প্রাণ!?
আমিতো মানুষ, যান্ত্রিক কোন রোবট নই আমি!
মা’র স্নেহ থেকে কেন বঞ্চিত করলে মোরে স্বামী?
আমারওতো ইচ্ছে করে মাকে “মা, মা” বলে ডাকতে,
মা’র পদতলে আমার ঐ বেহেশতটায় থাকতে।
ইচ্ছে করে গভীর আবেগে জড়িয়ে ধরতে মা’কে,
দুঃখের দিনে মনটা আমার কাছে পেতে চায় তাকে।
কারো কথায় মনের ভেতর, খুব ব্যথা পাই যদি,
ইচ্ছে করে মায়ের আঁচলে মুখ গুঁজে আমি কাঁদি।
কত কিছুই ইচ্ছে করে, পারিনা কিছুই করতে,
ইচ্ছে হলেও পারিনা আমি মা’কে জড়িয়ে ধরতে।
আমার মা’যে নেই এখন আর, এই দুনিয়া ‘পরে,
কেউ বলেনা “ঘুরে এসো”, বিকেলে শুয়ে থাকলে ঘরে।
মুখ কালো দেখে কেউ বলেনা, “মন ভাল নেই বাবা!!”
মমতায় কেউ শুধাবে এখন!? যায়না মোটে ভাবা!!
অন্যায় যদি করি এখন, দেয়না তো কেউ চড়,
চড় দিয়ে কেউ পরক্ষনে, করেনা আর আদর।
ঘুম থেকে কেউ ডাকেনা আর, মাথায় বুলিয়ে হাত,
চুমু খেয়ে কেউ বলেনা, “জাগো, ফুরিয়ে গেছে যে রাত”।
মা যাবার পর সুখের সূর্য, সেই যে ডুবে গেলো,
এ রাত মোর ফুরোবেনা কভু, দেখবোনা আর আলো।
সম ভোর আর আসবেনা যবে, ঘুমের থেকে জেগে,
দেখবো মা’কে, শুনবো কথা, “মা, মা” বলে ডাকবো তাকে।
রাত জেগে যদি পড়ি এখন, করেনা কেউ শাসন,
কভু যে হায়! পূর্ণ হয়না, খালি মায়ের আসন।
রাতের বেলা একগ্লাস দুধ, দেয়না কেউ এনে,
আদর করে কেউ বলেনা, “বাবা, দুধটুকু খেয়ে নে”।
বেড়াতে যাই এখনো, কেউ পথ চেয়ে রয়না আর,
কেউতো বলেনা! “অনিয়ম করবিনা খবরদার”!!
গরমে কেউ দেয়না আর তালের পাখার হাওয়া,
আছে কি দোকান!! যেখানে মা’র স্নেহ যায় পাওয়া!!
কি দুঃসহ! কি ভয়ানক! এই মা’কে ছাড়া বেঁচে থাকা,
এত ব্যথা মোর ঢাকবো কি দিয়ে! যায়না যে তা ঢাকা।
ভাগ্যলিখন তুমিই তো লিখো, হে প্রভু দয়াময়,
কেন তবে এ নিষ্ঠুরতা! কোন পাপের বিনিময়!!
পনের বছর হয়ে গেল, মা’কে ছাড়াই বেঁচে আছি,
মা বলে আর কেউ নেই মোর, পৃথিবীর কাছাকাছি।
ঘরে ফিরে আর পারিনা এখন, “মা, মা” বলে ডাকতে,
যে ঘরে মা নেই, ইচ্ছে করেনা ক্ষণ সেথা থাকতে।
মাঝে মাঝেই খুব ইচ্ছে করে, চেঁচিয়ে ডাকি মা’কে,
ইচ্ছে করে পরপার থেকে ছিনতাই করি তাঁকে!
ইচ্ছে করে মাঝে মাঝে খুব, চিৎকার করে কাঁদি,
ইচ্ছে করে চোখের পানিতে, ভাসাই সাগর-নদী।
ইচ্ছে করে ঘরে তুলে আনি পৃথিবীর সুখ যত,
এই দোয়া করি, কেউ না হারাক, মা’কে আমার মত।
ইচ্ছে করে ভেঙে ফেলি এই শরীর নামের খাঁচা,
এত দুখ নিয়ে কিভাবে থাকি! যায়না এভাবে বাঁচা।
ইচ্ছে করে নিজের সিনায় নিজেই ছুরি মারতে,
পারিনা! পারিনা! পারিনা! আমি কিছু পারিনা করতে।
এই না পারার ঘুণপোকা, কুড়ে কুড়ে খায় আমাকে,
তারপরেও বেঁচেই আছি, তবু তো মানুষ বেঁচে থাকে।
দুঃখী সূর্য হারিয়ে যাচ্ছে দিগন্তের ঐ পারে,
অমনি করেই হারিয়ে যেতে ইচ্ছে আমার করে।
“ভাবি বসে আর অপেক্ষা করি, মা’র কাছে যাব কবে?
আর যে পারিনা থাকতে একাকী, মা’কে ছাড়া এই ভবে!!
উৎসর্গঃ মা।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৩ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


