রাজন,
জানি না তুমি কেমন আছ। তুমি ছিলে দুই দিন আগে। তুমি এই নষ্টা পৃথিবীর সকল অপকর্মের দু:খ কষ্ট আমাদের সাথে একসাথে ভাগাভাগি করে নিচ্ছিলে। তুমি তোমার ক্ষুদার্থ বাবা-মার জন্য রাস্তায় নেমেছিলে। তোমার অভাবী মা তোমার পথ চেয়ে অপেক্ষায় ছিলেন। তারপর তুমি আর নেই। তোমাকে পাওয়া গেল থানাতে। হ্যা তোমাকে পাওয়া গেল ! কিন্তু তুমি কেন কথা বলো না, কেন মাকে ডাকো না ? তুমি নিশ্বাস নিতে কেন ভুলে গেলে ?
হ্যা সব দোষতো তোমার। তুমি নির্জীব নিথর। তোমাকে আমরা এখন কবর খুড়ে চোখের আড়ালে পাঠিয়ে দেব। তোমার মতো একজনকে এই দেশ, এই জনতা বা পৃথিবীর কোন দরকার নেই। তোমাকে আমরা ভুলে যাব কিছু সময়ের মধ্যে।
নরপিশাচদের এই পৃথিবীতে তুমি কেন এসেছিলে ? কেন তুমি মানুষ হতে চেয়েছিলে ? কেন তোমার মায়ের মুখে দু-মুঠো অন্নের জন্য তুমি পরিশ্রম করেছিলে ?
এতগুলো অপরাধ করেও তুমি এই পৃথিবীতে বেচে থাকবে ? এত বড় স্পর্ধা করা তোমার কেমনে হলো ?
তুমি কি দেখনি কিভাবে গুলি করে, ছুরি মেরে বা ভয় দেখিয়ে অন্যের সম্পদ দখলে নিতে হয় ? তুমি কি ছিনতাই বা ডাকাতির কথা কখনও শোননি ? তুমি যদি ডাকাত হতে তাহলে সবাই তোমাকে সালাম দিতো। তোমার ভয়ে সবাই তটস্থ থাকতো। থানার পুলিশরা মাস শেষে তোমার কাছ থেকে বখরা নিয়ে তাদের বউ এর মিষ্টি-আহ্লাদ পূরণ করতো!
আচ্ছা বুঝলাম তুমি এগুলো পছন্দ করো না। কিন্তু তুমি তো রাজনীতিবিদ হতে পারতে ? তুমি পারতে গালভরা বুলি দিয়ে অবলীলায় মিথ্যা কথার ফুলঝুরিতে লাখ লাখ মানুষকে ঠকিয়ে নিজের আখের গুছিয়ে নিতে !
তবুও তুমি কেন এমন করলে ? তুমি কেন গিয়েছিলে সবজি বেচতে ? ভালো হয়ে থাকাটাই যেখানে অপরাধ সেখানে তুমি ভালো হওয়ার চেষ্টা করেছে, এর থেকে বড় অপরাধ এই দেশে নেই।
আসলেই তুমি ভাগ্যবান। তুমি চলে গেছ স্বর্গে। তোমার উপযুক্ত স্থানে তুমি পৌছে গেছ।
শুধু নরপিশাচরাই নরকে যেতে চায় না। তারা পৃথিবীকেই নরক বানিয়ে নেয়।
ভালো থেকো রাজন।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




