বসে আছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে। পাশে কিছু বন্ধু ও আছে। তুচ্ছ একটা বিষয় নিয়ে তর্ক শুরু হল। ‘তরুণ’ মানেই মাথা গরম। শুরু হল, চিল্লাচিল্লি। তারপর ‘‘মাদার চোত’’ তোর মাকে............ অশালীন যত কথা আর গালাগালি।
প্রিয় পাঠক, মাফ করবেন, গালি যুক্ত শব্দটা লেখায় উল্লেখ করার জন্য।
মানুষের জীবনে আনন্দ-বেদনা, মান-অভিমান এবং রাগারাগি থাকবেই। বিশেষত বন্ধু মহলে কিছুটা গাল ফুলাফুলি হওয়া খুবই স্বাভাবিক বিষয়।
কিন্তু অবাক হওয়ার বিষয় হল, দোষ করছি আমরা, গালি দেওয়া হচ্ছে মাকে। অন্যায় করছি আমরা, বলির পাঁঠা হচ্ছেন মা। কেন? কেন? কেন?
বিচক্ষন পাঠক, একবার ভেবে দেখবেন কি, ‘‘মাদার চোত” শব্দের অর্থটা কি?! যে আমাকে এই গালিটা দিল বা আমি যাকে দিলাম, সত্যিই যদি সে আমার মায়ের সাথে সেরকম কিছু করে, বা আমি তার মায়ের সাথে করি। তাহলে আমি বা সে কেউ কি সহ্য করতে পারব?। অবশ্যই সবাই বলবেন- না। তাহলে বাস্তবে যা আমরা সহ্য করতে পারিনা বা পারবনা। তা গালিতে সহ্য করি কভাবে, বা এরকম গালি দেই কেন?
চতুর পাঠক বলতে পারেন- লেখক অতি সাধু, আমরা এসব গালি খারাপ সেন্সে দেইনা। তাহলে আমার প্রশ্ন- গালি কেন দেওয়া হয়, অবশ্যই মনের ঝাল মেটানোর জন্য? মনের ক্ষোভ যদি ঝাড়তেই হয়, তাহলে দোষীর ওপরে ঝারি, মায়ের ওপরে কেন?
মা তো আমাদের অন্যায় করার শিক্ষা দেন না। আমার মা তো আমাকে ঘর থেকে বের হওয়ার আগে প্রতিদিনই বলবেন- বাবা, বন্ধুদের সাথে ঝগড়া করোনা। বাস ভাড়া নিয়ে গণ্ডগোল করোনা। প্রয়োজনে দু’ টা টাকা বেশীই দিও। সব ‘মা’রাই নিশ্চয় সন্তানদের এসব উপদেশ দিয়ে থাকেন। তারপরও গালিটা ‘মা’ কেই শুনতে হয়। ‘মা’ এটা কি তোমার দুর্ভাগ্য, নাকি আমরা অসভ্য?
আরও কষ্ট লাগে, যখন দেখি শিক্ষিত মানুষ ফান করে, বা কথায় কথায় খুব স্বাভাবিক ভাবে এসব গালি ব্যবহার করে! অশিক্ষিতদের কথা না হয় বাদ দিলাম। তারা হয়তবা শিক্ষার অভাবে গালি দেন। কিন্তু লেখাপড়া শেখে যারা নিজেদের ভদ্র, সুশীল দাবি করেন, তারা কিভাবে অশ্লীল গালি দেন, বাজে কথা বলেন! তাহলে কি শিক্ষা শুধুই সনদের জন্য, চাকুরীর জন্য?
একদিন বাসে বসে আছি। পাশে একজন বয়স্ক মহিলা বসা। বাসে আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কিছু ছাত্রও আছেন। কন্ডাক্টর ভাড়া নিতে আসলেন, ভাড়া নিয়ে কন্ডাক্টরের সাথে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন ছাত্র কন্ডাক্টরকে তার ‘মা’কে নিয়ে এমন সব গালি দিলেন, এবং এমন কিছু অঙ্গভঙ্গি করলেন যে আমার পাশের মহিলা লজ্জায় শাড়ী দিয়ে মুখ ঢাকলেন। আরও বেশ কিছু মহিলা ছিলেন সবাইকে বিব্রতকর মনে হল। পাশের কয়েকজন মহিলা নিজেরাই বলাবলি করছিলেন- ছেলে পেলেরা পড়াশুনা শিখেও ভদ্রতা শিখেনি।
কথাটা মনে কষ্ট পেয়ে বা বিব্রত হয়েই তারা বলেছেন। তারাও তো কারো না কারো মা। নিজের মায়ের সামনে খারাপ কথা বলতেও যদি আমাদের বিবেকে বাঁধে, তাহলে অন্যদের মায়ের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করতেও কি আমাদের বিবেকে বাঁধেনা? ভাবা দরকার। আমার গালিতে শুধু উদ্দিষ্ট ব্যক্তিই ব্যথিত হলেন, নাকি নিরপরাধ কিছু মানুষেরও মন ভাঙ্গলো, ঠাণ্ডা মাথায় চিন্তা করা দরকার।
আমি তো শুধু একটা গালি যুক্ত শব্দ উল্লেখ করেছি। কিন্তু আরও কত কুরুচি সম্পন্ন গালি আমাদের সমাজে বিরাজ করছে। অনিচ্ছা সত্বেও শুনতে হচ্ছে।
প্রিয় বন্ধুরা-গালি কি আমাদের সমাজে আজীবন থেকেই যাবে? নাকি এ নোংরামি থেকে আমাদের বের হওয়া দরকার?
জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ এর একটা গানের কলি মনে পরলঃ
বন্ধু তুই অনেক ভালা
আমি মন্দ, দিল অনেক কালা
তাই আমায় ক্ষমা করো
ক্ষমার চেয়ে বড় গুন নাই।
তাই আসুন, ক্ষমা করতে শিখি। মাথা ঠাণ্ডা রাখতে শিখি।
মহান আল্লাহ পবিত্র কুরআনে শত শত বছর আগে ইরশাদ করেছেন- যারা ক্ষমা করবে, তারা হলেন সৎ বান্দা। আর আল্লাহ সৎ কর্মশীলদের পছন্দ করেন।
মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- (যার অর্থ মোটামুটি এরকম) ঐ ব্যক্তি জান্নাতে যাবেনা যে তার বাবা-মা কে গালি দেয়। সাহাবারা জিজ্ঞেস করলেন- কেউ কি তার বাবা- মা কে গালি দিতে পারে?! নবীজী ইরশাদ করলেন- কেউ অন্যের বাবা-মা কে গালি দিল, ফলে অন্য ব্যক্তিও তার বাবা- মা কে গালি দিল। এ গালিটা যেন প্রথম ব্যক্তিই তার বাবা-মা কে দিল। এই ব্যক্তি জান্নাতে যেতে পারবেনা।
কত কঠিন কথা বলা হয়েছে হাদীসে। সুস্থ বিবেক নিয়ে চিন্তা করা দরকার।
আসুন বন্ধুরা, নিজে গালি দেওয়া থেকে বিরত থাকি। অন্যকে বিরত রাখতে সহায়তা করি। গালি মুক্ত সমাজ গড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




