এক মাসের মধ্যে দেশের সব ব্যাংককে পেমেন্ট সুইচের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
তিনি বলেন, এর ফলে যেকোনো ব্যাংকের গ্রাহক অন্য সব ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবে।
শনিবার সকালে ই-কমার্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান ড. আতিউর।
অনলাইনে কেনাকাটা উৎসাহিত করতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে ই-কমার্স সপ্তাহের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশে ই-কমার্সের সম্ভাব্য বাজার প্রায় ২৬ হাজার কোটি টাকা বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানান বেসিসের সিনিয়র সহ-সভাপতি শামিম আহসান।
শামিম বলেন, উন্নত অর্থনীতির দেশগুলোতে জিডিপির তিন শতাংশ অবদান ই-কমার্সের। বাংলাদেশের জিডিপি ১১০ বিলিয়ন ডলার, এর তিন শতাংশ (৩৩০ কোটি মার্কিন ডলার বা ২৬ হাজার ৪০০ কোটি টাকা) সম্ভাব্য ই-কমার্স হতে পারে।
ই-কমার্স সপ্তাহ চলবে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ।
‘অনলাইনে কেনাকাটা করুন, যে কোনো কিছু, যে কোনো সময়’ এ স্লোগান নিয়ে শুরু হওয়া এ আয়োজনে থাকছে চারটি গোলটেবিল বৈঠক, একটি সেমিনার, দুটি টেকনিক্যাল সেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে ই-কমার্স প্রচারণামূলক বিশেষ কার্যক্রম ও প্রদর্শনী।
এছাড়া ১১ ও ১২ জানুয়ারি বসুন্ধারা সিটি শপিং মলে থাকছে বিশেষ কার্যক্রম এবং ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে থাকছে কনসার্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার।
এতে আরো বক্তব্যে রাখেন বেসিসের সভাপতি ফাহিম মাশরুর, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন ও এসএসএল কমার্সের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম।
উৎস: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/এইচএ/১৮৩৭ ঘ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




