আমি আজ তাদের জন্য
অভিবাদনপত্র মেলে ধরবো-যাদের
ঝলসানো দেহের কালো চামড়া
সিক্ত হয়ে থাকে
উত্তপ্ত নোংরা জলস্রোতে
স্নিগ্ধ সকাল থেকে স্তব্ধ মধ্যরাত অবধি।।
.
.
আমি আজ তাদের জন্য
অভিবাদনপত্র মেলে ধরবো-যাদের
একটু আরাম করবার প্রবল ইচ্ছা
মাথা গুঁজিয়ে লুকায়
অনাহারে থাকবার ভয়ংকর ভয়ে।।
.
.
আমি আজ তাদের জন্য
অভিবাদনপত্র মেলে ধরবো-যারা
সমস্ত কষ্টকে পরম ভালবাসায়
জড়িয়ে নেয় প্রশস্ত বুকে
আদরে-অনাদরে বেড়ে ওঠা
সন্তানের হাসি দেখবার জন্য
তারা তো জানেই-
ক্ষুধার্ত সন্তান হাসির ব্যাপারে একদম উদাসীন।।
.
.
আমি আজ তাদের জন্য
অভিবাদনপত্র মেলে ধরবো-যারা
প্রিয়তমা স্ত্রীর অর্থলোলুপ তৃপ্ততার
জন্য খেটে চলে অবিরাম।
তারা তো জানেই-
স্ত্রীর চোখে-মুখে তৃপ্ততা লেগে না থাকলে
একমাত্র আনন্দস্থল বিছানাটুকুও
মধ্যরাতে নড়ে উঠবে না আর পরম ছন্দময়তায়।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




