তুমি কি আমাকে তোমার আপনার বলে জানবে? ভাববে কি আমাকে তোমার প্রিয় বলে? যখন অশনীর কোনো সংকেতে উড়ে যাবে শাল বনের সব পাখি, আমাকে তোমার বেদনার সাথী ভেবে আসবে কি কাছে? ভরা চৈত্রে যদি না মেলে বসন্ত সুবাতাস, পুষ্পের প্রাণে জাগে যেমন ভ্রমরের সংস্পর্শ প্রত্যাশা তেমনি কি প্রাণে তোমার জাগবে আমাকে পাবার ব্যগ্রতা?
রাত্রির প্রথম যামে যখন কোলাহল সব একে একে শুয়ে শুয়ে পড়ে ধরণীর পারে তখন কি প্রদীপের শিখাটির মতো আমাকেও প্রয়োজন তোমার? তখন কি আকুল হবে তুমি আমার স্বপ্নের অধীরতায়?
প্রভাতের প্রথম আলোক রশ্মি যবে জাগে পূর্ব পারে, ঘাটের মাঝি তার শুরু করে নবীন নতুন জীবন তেমনি কি প্রিয়তমা(!) আমার স্পর্শ অনুরাগে শুরু করতে পার তুমি আরও একটি প্রদীপ্ত প্রত্যাশা, আনন্দঘন এক নতুন ভালোবাসা?
যা কিছু বেদনা তোমার মলিন করে দিলো যৌবন-স্বার্থক সুষমা জানি তা ফিরিয়ে দিতে পারবে না কেউ। তবু প্রিয় আমার, অনাগত কোনো প্রভাতের আলো স্বার্থকতা ও সুবাতাস যেন না হয় ম্লান করতে পারি আমি তার আয়োজন। নিজেকে তাই রেখনা আর ব্যথা-মলিন রুদ্ধদ্বার। প্রকাশিত হও হে স্বর্গের স্বপ্নময়ী! আলোকিত করো এ জীবন প্রাণপ্রদীপ্তকরা প্রেমের রাজপথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



