বলো বলো আর কত দূরেই যাচ্ছি-যাচ্ছি-
তোদের পায়ের শব্দ একটু পাচ্ছি।
তোরা সবাই আমার সঙ্গ ছাড়িস নাতো,
আঁচল পেতে আছেন বসে দেখ না!
ঐ আমাদের মমতা ভরা মা,
একজোটে ঐ দুঃখিনীটির ঘরের দাওয়ায় যাবো
খুঁদকুড়ো যা পাই, সব্বাই খাবো।
সোনার মাটি এখন কতো না জংলা
ঐখানে ঠায় আছেন বসে ওরে দেখ না
দুঃখিনী মায়ের বাংলার লালসবুজ,
মায়ের দুধের মতন সরল ভাষা,
এবার থেকে হোক আমাদের নিত্যি যাওয়া-আসা।
যাচ্ছি মানে আসছি আসছি
দূর থেকে কার পায়ের শব্দ শ্রাবণে টের পাচ্ছি।
যতই আকাশ গর্জায়,
তোদের আমার অস্থি মাংস মজ্জায়
ফিনিক দিয়ে উঠছে তবু
বুকের বাংলা ভাষা—
এবার থেকে ঐখানে হোক নিত্যি যাওয়া-আসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

