আম্মা আব্বু দুজনেই চাকুরীজীবী ছিলেন একই অফিসে কাজ করতেন। মাঝে মাঝে আম্মাকে টুরে যেতে হত। তাই অফিস থেকে একটা মোটর সাইকেল দেয়া হয়েছিল। কিন্তু আম্মা চালাতে জানত না। তাই আব্বু নিয়ে যেত যখন যেখানে যাবার দরকার ছিল।
আম্মা খুব বিরক্ত ছিল আব্বুর সাথে যেতে। কারন আব্বু এতটাই স্লো চালাত যে রিক্সাকে পর্যন্ত সাইড দিত, মানে রিক্সা মোটর সাইকেলকে ওভারটেক করে যেত।
এই অবস্থা মাসখানেক চলার পর একদিন আম্মা ঘোষণা করল আর আব্বুর সাথে যাবে না। সে ঠিক করল দাদার (আমার বড় ভাই) সাথে যাবে। দাদা চালাত খুব জোরে, যা আম্মার পছন্দ। তো আব্বু কে বাতিল করে আম্মা দাদাকে ঠিক করল ড্রাইভার হিসাবে।
যথারীতি একদিন দুজনে বের হল, কিন্তু ঘন্টাখানেক পরেই দুজনে কাঁদা দিয়ে মাখামাখি হয়ে বাসায় ফিরল! আমরা তো অবাক হয়েছেটা কি! শুনলাম...
আম্মার পঙ্খিরাজের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছিল। তাই রাস্তা ছেড়ে পাশের ধান ক্ষেতের মাঝে চলে গিয়েছিল, অতঃপর মা ছেলে কাঁদার মাঝে ডুবাডুবি করে বাসায় ফিরেছে।
আব্বু বাসায় ফিরে এই কাহিনী শুনে বলেছিলঃ"ফাস্ট লেডি ও তার পঙ্খিরাজ এর এই পরিণতিতে আমি হাসব নাকি শোক প্রকাশ করব বুঝতে পারছি না।"
অতঃপর আম্মা তার পুর্বের ড্রাইভারকেই পুনরায় নিয়োগ দিল, আব্বু তার পার্ট-টাইম জবটাও ফিরে পেল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



