নদীর বক্রতা তুমি স্মিতহাস্য হয়ে ওঠো
নদীর বক্রতা তুমি স্মিতহাস্য হয়ে ওঠো, এবার বর্ষায়,
ব্রোঞ্জ দেবতার ঠোঁটে। তুমি নিগুঢ় সংকেত খোলার
এক রুপোরং চাবি হয়ে ওঠো। গহিন, গহিন!
সুলগ্ন পাহাড় এসে মৌনতার পাঠ শিখিয়ে নেবে তোমায়।
তুমি অগুন্তি ঢেউয়ের চুড়োয় নির্জন হীরক হয়ে
জ্বলে ওঠো। জ্বলো নৌকো, কাঠশিল্প, এবার বর্ষায়।
তুমি কম্পমান বিরহনগর এক। আহা স্পর্শের বিদ্যুৎ
কে বোঝে আর এইঋতু! কে বোঝে বলো তরঙ্গের ভাষা?
উজান এমন! তিরতির যৌন-ঘনঘটা!
মেঘ থেকে ছুঁড়ে দেয়া বৃষ্টির বকুল- কে বোঝে আর
এমন সম্মোহন, নদীর বক্রতা! নিথর-নিথর শুধু বিদ্যুৎ -
তুমি আঁকো এইঋতু জলোমগ্ন শোকের শিরোপা।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



