আজকে একটা অদ্ভুত ছেলের গল্প বলব। একটা ঘরছাড়া , ভবঘুরে ছেলে। যে তার সমস্ত জীবনটা কাটিয়েছিল ছন্নছাড়ার মত ঘুরে ঘুরে। কোথাও গিয়ে সে তার প্রশ্নের উত্তর পায়নি । কোথাও পায়নি একটা শান্তির ঘর । সব পাখি ঘরে আসে - সব নদী । তার কি কোনো ঘর ছিলনা ? তার হাত ধরে কি কেউ কোনদিন বলেনি , ঘরে এসো ?
ছোটবেলায় সে ছিল আর দশটা সাধারণ ছেলের চাইতেও অনেক বেশী সাধারণ। সে এতই সাধারণ ছিল যে, আলাদা করে চোখে পড়ার মত কিছুই তার মাঝে ছিলনা । তাই বুঝি কেউ কখনো তাকে লক্ষ্য করেনি। এই ছেলেটিরও যে কোনো অস্তিত্ব আছে, ভাললাগা মন্দলাগা আছে, সেগুলোর কোন গুরুত্ব আছে , বিশাল যৌথ পরিবারে কেউ তা ভাববার সময়ই পায়নি। পরিবারের আর দশটা ছেলে যেভাবে হইচই খেলাধূলা করে নিজেরা নিজেরা বড় হয়ে ওঠে, তারও তো তেমনই হবার কথা। টাকার তো কোন অভাব ছিলনা । বাবা-চাচারা সবাই বড় ব্যবসায়ী, অভিজাত পরিবার । তাদের বাড়ি আছে, গাড়ি আছে, আমেরিকার সিটিজেনশিপ আছে । তবে অভাবটা কিসের ?
কিন্তু অভাব ছিল। অন্য ভাইবোনদের থেকে স্বভাবে অনেক চাপা, অসম্ভব আবেগপ্রবণ এই ছেলেটি কখনও কাউকে বুঝিয়ে বলতে পারেনি তার অভাবটা আসলে কিসের । কেন তার পড়াশোনা করতে ভাললাগেনা, দারুন স্মার্ট এবং ভীষণ স্বার্থপর চাচাতো-ফুপাতো ভাইবোনদের সঙ্গ কেন তার ভাল লাগেনা । তার একটা আপন ছোটবোনও ছিল । তাকে সে ভালওবাসত। কিন্তু তবু তাকেও সে তার মনের কথাগুলো বলেনি কখনো। কেউ কেউ হয়তো এমনি হয় । হয়তো সে নিজেই জানতোনা সে এমন কেন ? হয়তো তার মনে সন্দেহ ছিল কেউ আদৌ তার কথা বুঝবে কিনা ? কেউ কেউ হয়তো এমনি হয়। হাজারো আত্মীয়-স্বজন-বন্ধু-বান্ধবের ভীড়ের মাঝে চিরকাল রয়ে যায় একলা, নির্বান্ধব হয়ে।
এ ধরণের মানুষ আমরা পছন্দ করিনা। এদেরকে আমরা বলি অসামাজিক । উড়নচন্ডী স্বভাবের ছেলে । এরা পড়াশোনা করেনা। আজেবাজে মানুষের সাথে ঘুরে ঘুরে অল্প বয়সে বখে যায়। শুধুমাত্র তখনই এরা আমাদের চোখে পড়ে । আমরা তাদের সদুপদেশ দিয়ে সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করি । কিন্তু বখে যাওয়ার পেছনের কারণ খুঁজিনা।
জানিনা এই ছেলেটিও এভাবে বখে গিয়েছিল কিনা । তবে যেসব কাজ করলে গুরুজনদের প্রশংসা পাওয়া যায় তার কিছুই যে সে কোনকালে করতে পারেনি , তা নিশ্চিত। একটা মেয়েকে খুব ভাল লাগল। তার বয়স তখন খুবই কম। যে বয়সে ছেলেরা ধুপধাপ প্রেমে পড়ে, কিন্তু বিয়ের অনুমতি পায়না । জানত কেউ মেনে নেবেনা । তবু মনে পড়ল বড়ফুপুর কথা। পাঁচ ফুপুর মধ্যে এই ফুপুই সবাইকে সবচে' বেশী আদর করে । এই পরিবারে তার ক্ষমতাও সবচে' বেশী। বড়ফুপু তখন ছিলেন দেশের বাড়ী। মেয়েটিকে নিয়ে সে একদিন পালিয়ে গেল সেখানে। কিন্তু নাহ । বড়ফুপু তার দায়িত্ব সম্পর্কে খুবই সচেতন। এত অল্প বয়স, বেকার একটা ছেলে। এখনও নিজের পায়েই সে দাড়াতে শেখেনি । বিয়ের অনুমতি কোনভাবেই তাকে দেয়া যায়না। বড়ফুপা খুবই রাগ করলেন । এত দায়িত্বজ্ঞানহীন ছেলে ! আর মেয়েটাই বা কেমন ? এভাবে চলে আসে কেউ ঘরবাড়ি ছেড়ে ? মেয়েটিকে পাঠিয়ে দেয়া হল তার নিজের বাড়িতে। ছেলেটিকেও যথেষ্ট শাসন করা হল। বাবা থাকে আমেরিকায়। মা প্রায় সবসময়ই অসুস্থ । ছেলেমেয়ের দেখাশোনা করতে পারেনা। শাসনের দায়িত্ব তো চাচা-ফুপুদেরই । তারা সবসময়ই তাদের দায়িত্ব পালন করেছেন । এবারও ব্যতিক্রম হলনা।
মানুষের সবচে' গভীর ভালবাসার জায়গাটি হল মা । মায়ের চাইতে আপন আর কে আছে দুনিয়ায় ? ঘরছাড়া বৈরাগী মানুষ সব ছেড়ে দূরদেশে যেতে চায়, যার স্মৃতি পিছুটান হয়ে বাঁধা দেয় সে হল মা । মানুষ দুনিয়া ঘোরে, কারও জন্য তার আটকায়না । শুধু যার কথা মনে করে পরানটা তার পোড়ে, সে হল মা ।
সেই মা একদিন মরে গেল । খুব কষ্টের মৃত্যু। যারা দেখেছিল তারা অনেকদিন পর্যন্ত সেই দৃশ্য ভূলতে পারেনি। তাদের সংসারটা ভেঙ্গে গেল। বাবা দেশে থাকেনা। এখন মাও রইলনা। ছেলেটা সত্যিই কেমন যেন উড়নচন্ডী হয়ে যেতে লাগল। কারও সাথে ভালব্যবহারটুকুও সে করতে পারছিলনা । চাচা-ফুপুদেরকে শত্রুর মত মনে হত। যদিও তারা আসলে ততটা খারাপ ছিলনা । মার দিকের কোনো আত্মীয়ও কখনো তাদের দু'ভাইবোনের খোঁজ নিতনা । সব দেখেশুনে ফুপুদের পরামর্শ অনুযায়ী ছেলেটাকে বাবার কাছে আমেরিকায় পাঠিয়ে দেয়া হল। সেখানে হয়তো সে নিজের জীবনটা গড়ে তুলবার চেষ্টা করবে । ছোট বোনটি রয়ে গেল বড়চাচার কাছে।
কিন্তু বাউন্ডুলে হয়েই যে জন্মেছে তার পক্ষে নিজের জীবনটা গোছানো সম্ভব হয়নি । টাকার পেছনে ছোটা ছিল তার সাধ্যের বাইরের কাজ । আরো বেশী এলোমেলো হতে লাগলো সবকিছু । আমেরিকার মত ফাস্ট একটা দেশে কারও বিন্দুমাত্র সময় নেই তাকে দেয়ার মত। কিন্তু তবু, সে কখনও দেশে ফিরে আসেনি। এমনকি তার বাবা যখন আবার দেশে এসে বিয়ে করেছিল, তখনও তার কিছু এলো কি গেলো তা বোঝা যায়নি। সে ছন্নছাড়ার মত ঘুরে বেড়াত। কখনও একনাগাড়ে অনেকদিন বাড়ি আসতনা । কেউ কেউ ধারণা করে, সে নেশায় আসক্ত হয়ে পড়েছিল। কিন্তু তার চাচাদের কাছ থেকে অদ্ভুত একটা তথ্য পাওয়া যায় । সে নাকি বিভিন্ন মসজিদে গিয়ে পড়ে থাকত। কেন কে জানে ?
২০০৮ সাল। তার বাবার শরীর অত্যন্ত খারাপ হয়ে পড়ে। হার্টের সমস্যা ছিল। বাইপাস সার্জারী করাতে সেদেশের হাসপাতালে ভর্তি হলেন। প্রতিদিনই দেশ থেকে ভাইবোনরা ফোন করে, কান্নাকাটি করে। আমেরিকায় তার আরও ভাই আছে, তারা দেখাশোনা করে । কিন্তু ছেলে তো আসেনা । সেই যে ক'দিন আগে ঘর থেকে বের হয়ে গেছে, এখনও তো ফেরেনি। অবশ্য এটা তার জন্য অস্বাভাবিক নয়। সবসময়ই সে এমন করছে। কিন্তু বাবা এত অসুস্থ জেনেও সে এমন করবে , তা কেউ ভাবেনি। দেশ থেকে আত্মীয়-স্বজনরা ফোন করে দুঃখ করে। কেমন নিষ্ঠুর ছেলে । বাবার এমন দুঃসময়েও এতটুকু দেখতে পর্যন্ত আসেনা । আসলেই ছেলে আর আসেনা। বাবা অসুস্থ হয়ে একসময় মরে যায়। তবু ছেলের কোন খোঁজ নেই । সবাই কাঁদে । ছি-ছি করে । তখনও পর্যন্ত কেউ জানেনা ছেলে শুয়ে আছে বাবার খুব কাছেই , একই হাসপাতালের মর্গে । বাবার মৃত্যুর চারমাস আগেই মৃত্যু হয়েছে তার । পুলিশ খুঁজে বের করে তাদেরকে জানায়। লাশটা পাওয়া গিয়েছিল সমুদ্রের ধারে , পানিতে । কিভাবে আর কেন সে মারা গেল তা কেউ বলতে পারেনি।
কারো কারো জন্মই হয় সমস্ত জীবন ভবঘুরের মত ঘুরে ঘুরে শেষে একটা সমুদ্রের পাড়ে গিয়ে মরে যাবার জন্য ।
শমী মামাকে আমি দেখেছি খুব ছোটবেলায় । আমার ২৫ জন মামা-খালার মধ্যে তাকে কখনও বিশেষ গুরুত্ব দিয়ে দেখিনি। সে যখন আমেরিকায় চলে যায়, আমি তখন ক্লাস সিক্সে পড়ি । তার চেহারা আবছাভাবে মনে পড়ে। তবে একটা ঘটনা খুব পরিস্কার মনে আছে । তার বড়ফুপু , অর্থাৎ আমার নানুর বাড়িতে ঘটা ঘটনাটা । ওইসময় আমি ৩য় শ্রেণীর বার্ষিক পরীক্ষার পর ছুটি কাটাতে গ্রামে গিয়েছিলাম। ঘটনার গুরুত্ব বোঝার বয়স আমার ছিলনা । তবু কেন যেন মনে খুব নাড়া দিয়েছিল ।
গত বছর আমার শমী মামা মারা গেছে। এরপর অনেক তথ্যই আমি সবাইকে খুঁচিয়ে বের করতে চেষ্টা করেছি । শুধু জানতে পারিনি কেন মানুষ একটা সমুদ্রের পাড়ে গিয়ে মরে যায়।
তুমি ভালো থেকো শমী মামা।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



