আননোন নম্বরে ম্যাসেজ! কেন যেন দেখেই বুঝতে পারলাম এটা অবন্তির। প্রাক্তন প্রেমিকা।
বড় ভালো মেয়ে ছিল। ছেড়েছি অন্য কারণে! বড্ড বেশি কেয়ার করত। আমি অমন মানুষ না। ঘন্টায় চৌদ্দবার "আই লাভু" বলা আমার কাছে পেইন! কত সুন্দর নাম তার, বাবু বলার দরকার আছে?
ঘুমানোর আগে গুডনাইট, সকালে গুড মরনিং, বিকালে গুড ইভেনিং! আমি প্রেম করছি? না কোনও চাকরির ডিউটি?
ওর সঙ্গে সম্পর্কটার পরে আমার চোখের নিচে কালি পড়ে গেল!
জীবন বাঁচানোর দায়ে শেষমেশ ওর থেকে বেরিয়ে এলাম। অবন্তি ভীষণ সুন্দরী। অদ্ভুত কারণে আমাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, এখনও হয়তো ভালোবাসে।
ভাবলাম একটা ফোন দেই। ভীষণ শুনতে ইচ্ছে করছে তার কন্ঠ। কিছুক্ষণ ইতস্তত করে, শেষ পর্যন্ত দিয়েই দিলাম ফোন। আমার হার্ট বিট বেড়ে গেছে। রিং হচ্ছে! রিসিভ করল! আমি কন্ঠস্বর শোনার অপেক্ষা করছি...
কিন্তু একটা কর্কশ পুরুষ কন্ঠস্বর বলল, "হ্যালো আসিফ! আমি ইকবাল! এটা আমার নতুন নম্বর!! ফোনে টাকা নাই! ফ্রি ম্যাসেজ ছিল! তাই ঈদ মোবারক ম্যাসেজে দিছি! কিরে বন্ধু কথা বলিস না ক্যান? অজ্ঞান হয়ে গেলি নাকি আসিফ? হ্যালো? হ্যালো?"...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

