প্রথম যখন একা একলা রুমে ঘুমাতে যাই, ভয় আমার ঘুম আসছিল না। তখন মনে হচ্ছিল ওই একলা রুমে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। তাই কতক্ষণ পর পর উঠে উঠে দেখছি, আসলেই রুমে কেউ আছে কিনা। এমন করতে করতে আমার ঘুম চলে আসল।
হঠাত্ মধ্য রাতে আমার ঘুম ভেঙে গেল। এমনটা প্রায়ই হতো তখন। তখন ভয় লাগতো না, কারণ একা ঘুমাতাম না। কিন্তু এখন আমি একা! আর এই মধ্য রাতে ঘুম ভাঙার মতো ভয়ঙ্কর কিছু এই পৃথিবীতে আর কিছু হতে পারে না, এটা মোটামুটি বিশ্বাসই করে ফেললাম।
আমি প্রচন্ড গরমেও কাঁথাটা গায়ে জড়িয়ে রেখেছি। ঘেমে একাকার।
ভয়ে এপাশ ওপাশ করতেও ভুলে গিয়েছি। আমার চোখ রুমের দরজার দিকে গেল। আমি ওই আবছা অন্ধকারে একটা ছায়া দেখতে পেলাম!
আমার ভয়ে যেন প্রাণ শুকিয়ে এসেছে। আমি কাঁথাটা মাথার উপরে নিয়ে গুটি শুটি মেরে শুয়ে থাকলাম। ওই ভয়ঙ্কর রাক্ষসকে আমি দেখতে চাই না। হঠাত্ ওই অর্ধখোলা দরজাকে কেউ যেন খুলছে! মচ্ মচ্ করে একটা শব্দ হল..
আমি আর পারলাম না! "আম্মা" বলে একটা চিত্কার করলাম।
আর প্রথম একা শুতে যাওয়া আমি ঘুমিয়েছি কিনা সেটা দেখতে আসা, আম্মাও রীতিমতো ভয় পেয়ে গেল!
এখন একা ঘুমাই। এখন আর ঘুমিয়েছি কিনা সেটা দেখতে কেউ আসে না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

