বাম বাহুর উপর, গলার কাছটায় ছোট ছোট লাল গোটাগুলো কোথা থেকে এসেছে কে জানে? এলার্জি? বিরক্তিকর।
সাত নম্বর ট্র্যাকের সাঁওতালী গানটাই নাকি চমৎকার। আগ্রহ নিয়ে শুনতে গিয়েই ক্যাঁচ ক্যাঁচ শব্দ। নষ্ট সিডি। বিরক্তিকর।
আঙ্গুরগুলো বড্ড ছোট। ডালের সাথে সংযুক্তি শক্ত। খুলে পড়ে না কিছুতেই আবার একটা একটা করে ছিঁড়ে খাওয়াটাও কষ্টসাধ্য। বিরক্তিকর।
ফুলদানীতে নষ্ট গোলাপ। তুলে ফেলতেই গন্ধ-কণাদের জ্বালায় নাক কুঁচকাতে হলো। সাদা ফুলদানীর ভিতরে পঁচা পানির হালকা বাদামী দাগ। বিরক্তিকর।
ইনবক্স খুলতেই ঘোষনা: উনপঞ্চাশটা না পড়া ইমেইল। মোবাইলে একের পর এক ওভারডিউ রিমাইন্ডার: ইমেইলিং মিনিটস- টু উইকস ওভার ডিউ। ইমেইলিং ইয়ারলি প্ল্যানস- ওভারডিউ। ইমেইলিং রিমাইন্ডার - ওভারডিউ। ইমেইলিং সিস্টার ফেরা - আরজেন্ট এন্ড ওভারডিউ। সাইন আউট।
শ্যাম্পু করা চুলগুলো সর সর সরে যায়। বেনীরা আলগা হয়। অস্ট্রেলিয়ান গ্রীষ্ম এসে ভর করে কোমর ছাড়ানো কৃষ্ণতায়। হাত দিলে রেশমী কোমলতাটাও ঠেকে- বিরক্তিকর।
মার্গারেট এটউডিও নৈরাশ্য। রুপার্ডের ভাষায়, এত পন্ডিত লোকের এত কথা সবই লিপিবদ্ধ হয়ে আছে লাইব্রেরিগুলোতে। এখন যা বলছে, তা কেবল একটা ব্যাড কপি। নাথিং মোর। অমুসলিম-কাদিয়ানী-শিয়া-ইউনুস-বিরক্তিকর।
ছুঁতে ইচ্ছা করে। করে না। নিজেকে না অন্যকে, কাকে কষ্ট দেয়া বেশি অনুচিৎ, বুঝি না। বিরক্তিকর।
নিজের অনুভূতি নিয়ে কনফিউজড আমিটাই বিরক্তিকর। একটা কাঁচি দরকার, স্বপ্নের পাখা কাটার কাঁচি। একটা ছুরি দরকার। অনুভূতিদের স্পষ্ট সংজ্ঞা দিয়ে আলাদা করে দেয়ার ছুরি। একটু আগুন দরকার। ফিনফিনে ইচ্ছাঘুড়ি পুড়িয়ে দেয়ার আগুন।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


