ভেজাল প্ণ্যদ্রব্য প্রসঙ্গেঃ
প্রত্যেক মানুষের বাঁচার জন্য প্রথম প্রয়োজন খাদ্য ও পানীয়। তা অবশ্যই ভেজালহীন খাদ্য-পানীয়। খাদ্য-পানীয় যেমন জীবন বাঁচিয়ে রাখে, তেমনি ভেজাল খাদ্য ও পানীয় আবার মানুষের প্রাণহরণের কারণ হতে পারে। রাষ্ট্রের অঙ্গীকার প্রতিটি নাগরিকের জন্য ভেজালমুক্ত খাদ্য ও পানীয় নিশ্চিত করা। এর জন্য আছে আইন, আছে আদালত।
বাংলাদেশে খাদ্য ও পানীয় তৈরির অজস্র প্রতিষ্ঠান রয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে বাজারে প্রবেশ করার আগেই বিএসটিআইয়ের মাননিয়ন্ত্রণ সনদপত্র নিয়ে বাজারে আসতে হয়। কিন্তু কোম্পানিগুলোর অধিকাংশই অল্প কিছুদিন পরেই পণ্যের মান বিএসটিআইয়ের দেয়া সনদপত্র অনুযায়ী রাখে না। অধিক মুনাফার লোভে কোম্পানিগুলো পণ্যে ভেজাল দেয়া শুরু করে, পণ্যের মান ধসে পড়ে। আইন রয়েছে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর বিএসটিআই বাজার থেকে নমুনা সংগ্রহ করে সনদপত্র অনুযায়ী পণ্যের মান ঠিক আছে কিনা তা যাচাই করবে। কিন্তু অসৎ কর্মকর্তাদের যোগসাজশে বিএসটিআই পণ্যের এই গুণগত মাননিয়ন্ত্রণ করে না। আইনে আরও বলা আছে যে, প্রত্যেক তিন মাস পর পর ঢাকায় অবস্থিত বিশুদ্ধ খাদ্য আদালতে পণ্যের মাননিয়ন্ত্রণের রিপোর্ট জমা দেয়ার। ২০০৫-এ বিশুদ্ধ খাদ্য আদালত প্রতিষ্ঠার পর আজ পর্যন্ত বিএসটিআই আদালতে এরকম কোনো প্রতিবেদন দাখিল করেনি।
বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দেশের বিভিন্ন কোম্পানির রয়েছে গভীর সখ্যতা রয়েছে বলে জানা গেছে। প্রতি মাসে কোটি কোটি টাকার বিনিময়ে বিএসটিআই কার্যত নীরব থেকে ভেজাল খাদ্য-পানীয় বিক্রিতে প্রত্যক্ষ সহযোগিতা করে।
ঢাকা সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শক বা ইন্সপেক্টররা যখন খাদ্যের নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পাঠায় তখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উক্ত নমুনা প্রতিষ্ঠানে যোগাযোগ করে। নমুনা নেয়া কোম্পানিটি তখন মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে রিপোর্ট দেয়। রিপোর্টে মানের কোনো হেরফের খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ কোম্পানিটির পণ্যের মান ঠিক আছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। এই রিপোর্টের ফলে আদালতের পক্ষে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা সম্ভব হয় না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বিএসটিআই ও ঢাকা সিটি কর্পোরেশনের নিজস্ব ল্যাবরেটরিতে পণ্যের গুণাগুণ যাচাই করা হয়। প্রত্যেকটি প্রতিষ্ঠানই অদক্ষ, ঘুষখোরদের দৌরাত্মে ভেজাল খাদ্য ও পানীয়ের মাননিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। এরকম অবস্থায় ভেজাল খাদ্য-পানীয়ের মাননিয়ন্ত্রণের জন্য প্রয়োজন আরও যুগোপযোগী ব্যবস্থা। মূলত অসৎ লোকের দৌরাত্ম্যের কারণে ভেজাল নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।
দেশের মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে ভেজার উৎপাদক শ্রেণীর কাছে। জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অতিদ্রুত আইনি জটিলতা নিরসন করে ভেজালবিরোধী অভিযান শুরু করলে মানুষের ভোগান্তি রোধ করবে অনেকাংশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



