হ্যা ঠিকই ধরেছ
এ বুকটাই হতে পারে তোমার সবুজ খেলার মাঠ
ঘাস ফড়িঙের মত করে আনন্দ নৃত্তের পাঠশালা
যেখানে পূর্ব ও পশ্চিম দেহলী তে শুধুই তোমার অধিকার।
এ বুকটাই তোমার সাজানো বাসর হতে পারে
ফুলে ফুলে আপ্লুত
সৌরভে স্নাত, মধুময়
ঈপ্সিত।
এ বুকটা হয়ে যেতে পারে
তোমার সাজান বাগান
গোলাপ ও বেলিতে চর্চিত
মনের খোরাক।
যদি হয় তোমার রসাই ঘর
থাকে থাকে পেস্তা বা জাফরান
যুগল বন্দী ক্ষুধার খাদ্য প্রস্তুত
স্বাভাবিক, রুচিকর ও মজার প্রতিটি দিন।
তোমার প্রার্থনালয়, এই বুকটাকেই হওয়া সাজে
জানত, এখানেই চোখ ভাসিয়ে চাইবে
আবার দুর্গা হয়ে এখানেই হবে
তোমার অশুভ বধের রণক্ষেত্র ।
তোমার আঁতুড় ঘর, এই বুকটাইত
এখানেই বুনবে স্বপ্নের বীজ
শিশু তরু মহীরুহ হবার বিস্মিত আলোকপথ যাত্রা
তোমার হাত ধরে এখানেই শুরু করবে।
এই বুকটাই তোমার মঞ্চ
সুখ, দুঃখ, হাসি, কান্না, মানঅভিমান
সহস্র অনুভূতির শিল্পিত মহড়া ও মঞ্চায়ন এ
এ বুকের অলিন্দ ভরে থাকবে সাধুবাদে।
এ বুকেই তোমার পালঙ্ক সখি
ব্রীড়ায় দূরে ঠেলে দিতে নেই
সুখের নিদ্রায় যাওয়ার আগে
এসো হাতে হাত রাখি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



