প্রিয়া তুই কোথা যাবি যা না
আমি তোকে করবোনা মানা
থাকব তোর তরে ছায়াতরু হয়ে
ক্লান্ত হলে পরে যাস জিরিয়ে।
কি যেন খুঁজে খুঁজে আমি হয়রান
তখনি পেলাম আমি তোর সন্ধান
বুঝতে পারলাম এই জীবনের মানে
স্রষ্টার দেয়া তুই শ্রেষ্ঠ সে দান।
এখনও অবুঝ তুই, বুঝবিনারে
ভালবাসা কি, এটা দিয়ে কি করে
অনেক স্বপ্ন জানি তোর দু চোখে
দেখবি, শিখবি এই দুনিয়াটাকে
ভাল থাক, খুব ভাল এটাই আশা
যদি ঝড় আসে কোন সর্বনাশা
জানিস, আছি আমি ছায়া তরু হয়ে
দুদণ্ড বসে তুই যাস জিরিয়ে।
জানি জানতে চাইবি তুই অনেক কিছু
অর্থের মোহ কি, কেন নেয় পিছু
খ্যাতি কি, জীবনে তা কত দরকার
অহং এর ডাকে কোথা যাবি যে আবার
জানি সুন্দর মুখ তোকে ডাকবে অনেক
প্রলোভনে ভোলাবার কায়দা হরেক
কাউকে তুইও ফের ভালবাসবি
আবেগের টানে তার কাছে আসবি
কেউ তোকে এঁকে দেবে জীবনের ছক
বলবে এটা ভাল জীবনের পথ
এগিয়ে চলবি তুই হিশাব কষে
সুখ পাখি ধরবার প্রিয় মানসে।
আমি শুধু চাই তুই খুব ভাল থাক
খেয়ালিপনায় ভরা জীবনের বাঁক
অনায়াসে যাস তুই পাড়ি দিয়ে
শান্তির পায়রাকে সাথে নিয়ে
কখনও ক্লান্তি তোর জীবনে এলে
হিসেবের ভুলে বা কোন গরমিলে
জেনে নিস আমি আছি ছায়া তরু হয়ে
যতদিন চাস তুই যাস জিরিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



