নিজেকে উজাড় করে দেওয়া যায়
সদ্য সৃষ্ট সুরের মাঝে,
কণ্ঠ নিঃসৃত সঙ্গীতের চেনা ছন্দে।
উজাড় করে দেওয়া যায়,
অনভিজ্ঞ কলমে রচিত কবিতার মাঝে;
আপন বর্ণে আঁকা প্রতিটি পঙ্ক্তিতে।
উজাড় করে দেওয়া যায়,
কৃত্রিমতাকে ছাড়িয়ে যাওয়া বসন্তের অকৃত্রিম উষ্ণতার অনুভবে;
প্রকৃতির কাছে নিজেকে সঁপে দিয়ে।
উজাড় করে দেওয়া যায়,
অগণিত তারাকে গোনার চেষ্টায়;
নিদ্রাহীন চোখের জন্য সান্ত্বনা খুঁজতে গিয়ে।
নিজেকে উজাড় করে দেওয়া যায়,
সবুজ আঙিনায় ঈশ্বরপ্রদত্ত শক্তির শেষ বিন্দুটি দৌড়ে শেষ করে;
শৃঙ্খলাবদ্ধ না হওয়ার প্রতিজ্ঞায়।
উজাড় করে দেওয়া যায়,
ধূম্র শলাকার নিমেষে অদৃশ্য হতে থাকা ধোঁয়ার মাঝে,
ধ্বংস ডেকে এনেও যা ছড়ায় কেবল তৃপ্তির আশা।
উজাড় করে দেওয়া যায়,
পাওয়া যাবে না জেনেও তাকে পাওয়ার চেষ্টায়;
না পাওয়ার বেদনার মাঝে পাওয়ার আকাঙ্ক্ষাকে তীব্র করে।
নূতন একটি সূর্যের স্বপ্ন দেখে নিজেকে উজাড় করে দেওয়া যায়
পৃথিবীতে যে এনে দেবে একঘেয়ে সুখ,
তাড়িয়ে দেবে বিতৃষ্ণা, হতাশা, প্রতিহিংসাকে দূর দূর করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


