এক দিকে ক্ষুধা আর অন্য দিকে-
কোভিড-১৯ এর বীভৎস আরণ্যক চোখ!
ক্ষুধা ও কোভিড-১৯ যেন, নিত্য খেটে খাওয়া
মানুষের ছায়ানটে বেজে ওঠা মৃত্যুর যুগল স্পন্দন।
জীবন-যুদ্ধে পা দুটো আজ দোদুল্যমান-
নিথর তাহলে পা দুটো আজ ফেলবে কোথায়???
বাহিরে বয়ে যাওয়া মৃত্যুর কলঙ্কিত বাতাসে???
নাকি বদ্ধঘরে নিদারুণ ক্ষুধার রাজ্যে???
ঘরের ভেতর কতোগুলো না খাওয়া মুখ চেয়ে আছে
উনুনের আগুনে টগবগ করে বাড়ছে জলের স্ফুটনাংক।
শ্বাসরুদ্ধ নগরীতে হয়তো ত্রাণ নিয়ে ছুটে আসবে
কোনো বিত্তবান, ভলেন্টিয়ার অথবা সাহসী-প্রশাসন
অনেকেই দুহাত পেতে নেবে।
আর কেউ শূন্যহাতে ফিরে যাবে ক্ষুধার্ত মুখগুলোর কাছে।
বুকের পাঁজরে বয়ে যায় কষ্টের বরফগলা নদী-
যে শিরা-উপশিরা দিয়ে রক্তের ঢেউ
সহস্র বছর ধরে আছড়ে পড়ে মধ্যবিত্তের বেলাভূমিতে।
লজ্জার আবরণে ওদের হাতদুটোও গুটিয়ে যায়
বালির বুকে চুপসে যাওয়া জলের মতো।
মধ্যযুগীয় সেই খলিফার মতো ওদের খুঁজে না নিলে
নীরবে লজ্জায় একদিন ধীরেধীরে ওরা যে
ক্ষুধিত-মৃত্যুর ঠোঁটে ঠোঁট রেখে ঠিক ঘুমিয়ে পড়বে,
হে পৃথিবী! এরাও তো প্রকৃতির নির্মল ভারসাম্য
ওদের এমন করে ঘুমোতে দিও না।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




