আয়নার কাছাকাছি
দাঁড়িয়ে একটা মানুষ ভাঙার চেষ্টা করি,
একদম তোমাদের মতো করে,
যখন যেভাবে চেয়েছো – আদ্যপান্ত।
তোমাদের আকাশে মেঘের পরে মেঘ
সরিয়ে আমি বৃষ্টি দেখতে পারিনি,
বাতাসে ছড়াতে পারিনি
কোনো আগমনী সুর ।
তাই আয়নার কাছাকাছি
দাঁড়িয়ে একটা মানুষ ভাঙার চেষ্টা করি,
তবে কি জানো,
আমারও কিছু জানাবার আছে,
তোমরা যা চাও সেভাবেই ভাঙবো নিজেকে।
আমি এখন রঙ বদলাবো ,
লাল, সবুজ কিংবা হালকা নীল।
ঠিক তোমরা যেভাবে চাইবে সেভাবে
নিজেকে ক্ষতবিক্ষত করে।
দুমড়ে মুচড়ে আঁচড় কেটে
অযাচিত স্বপ্নগুলোকে হত্যা করে।
তাই আয়নার কাছাকাছি
দাঁড়িয়ে একটা মানুষ ভাঙার চেষ্টা করি,
আমি কৃষক কিংবা শোষক হবো,
আমি নেতা কিংবা জনতা হবো ,
আমি পাখি কিংবা শিকারী হবো ,
আমি প্রশ্ন হবো , উত্তরও হবো ,
আমি দয়ালু কিংবা পাষাণ হবো ,
আমি অভিনেতা কিংবা প্রণেতা হবো ।
সেই আমি আজ আয়নার কাছাকাছি
দাঁড়িয়ে একটা মানুষ ভাঙার চেষ্টা করি,
শুধু মনে রেখো
তোমরা চাইলেও কখনোই
আমি আর এই আমি হতে পারব না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



