জীবন্মৃত
আহমেদ শামীম
তুমি বলেছ উপযুক্ত সময়ে
যথার্থ মৃতু্য নিতে
আমি সময়কে জানিয়ে দিয়েছি তা
চিঠি পাঠিয়েছি মৃতু্যর ঠিকানায়
আর অপেক্ষা করছি মৃতু্যর আগে
একটা জীবনের
গত জীবনের ভুলগুলো
এ জীবনে সিদ্ধান্ত হয়ে এসেছে
মানুষের সাথে জীবন যাপনের ইচ্ছা
মানুষ থেকে দূরে ঠেলে দিয়েছে আমাকে
'দুরত্বই সত্য' মেনে নিতে হয়েছে
পেছনে পড়ে গেছি নাকি ফেলে চলে এসেছি দূরে?
সঙ্গে নিয়ে বয়ে চলছি কেবল এই প্রশ্নটা
উত্তর দিকে গেলে তার উত্তর পাওয়া যাবে?
নাকি দক্ষিণের সমুদ্রের আর পাড়ে?
পশ্চিমে মাথা রাখলে কি ভুলে থাকা যাবে সব?
ফিরে যাওয়া যাবে কি পূর্বের জীবনে?
উপরে ওঠার ইচ্ছা আমার নাই
আর মৃতু্যর আগে কী করে অতটা নিচে নামি!
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


