আধা সাদা মেঘ দল আকাশে চেপে ধরে বৃষ্টির বুক
ময়ুর স্বভাবী মেয়ে নেমে আসে আমার উঠানে
বৃষ্টির তালের তালে পায় কী যে সুখ
পেখম মেলবে বলে কোমরে কাপড় তুলে আনে
সাপের ফনার নীচে বসে দেখি ময়ুরের নাচ
নাচের নির্দেশ আসে শিবের আঙ্গুল থেকে ঝরে
তেহাই তীব্রতা পেলে নটীর পায়ের তলে ছুঁড়ে দেই কাঁচ
পেখমের সব রঙ নীল হয়ে মিশে যায় বিষের ভিতরে
রঙধনু দিয়ে বাঁধে নটরাজ শিবের শরীর
ময়ুর পেখম ফেলে হাতে নেয় রঙের চাবুক
গলায় গলিয়ে দিয়ে গিলে যায় বিষমাখা তীর
রঙের বাটিতে শিব জিভের জাদুতে দেয় মরণ চুমুক
হঠাৎ বৃষ্টির ঢঙে সৃষ্টির উৎস থেকে নেমে আসে ধারা
নতুন জীবন পেতে একে অপরের হাতে মরণের সুখ নেয় তারা
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৮ ভোর ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


