আগের পর্ব পড়তে এখনে ক্লিক করুন ..
এদিকে প্রত্যাশামতোই পার্টির সময়ে বাইরে তুষারপাত শুরু হয়ে গেল৷ অতিথিরা তুষার-ভেজা সাদা-কেকের মত কোট গায়ে পৌঁছলেন৷ কোটগুলি আমাদের রডে ঝোলাতে হয়েছিল৷ বহুবারই, আমার মা পার্টি শেষের পরে বলে চলত যে যখনই যেভাবেই পার্টি শেষ হত, তোমার বাবা লোকেদের অগুনতিবার গাড়িতে বাড়ি পৌঁছে দিতেন৷ তিনি বলতেন যে কোনও সমস্যা হবে না, আর এটাই গাড়ি চালানোর শেষ সুযোগ বলে এক দম্পতিকে দূরের ব্রেইনট্রী পর্যন্ত পৌঁছে দিতেন৷ তোমরা যাওয়ার আগে, তোমার মা-বাবা এসে পট, প্যান, টুকিটাকি জিনিস, কম্বল-চাদর, চিনি ময়দার অর্ধেক ব্যাগ, বোতল মায় শ্যাম্পু পর্যন্ত দিয়ে গেলেন আমাদের৷
আমরা এই সব জিনিসকে তোমার মা'র নামেই ডাকতে লাগলাম৷ "আমাকে পারুলের ফ্রাইং প্যানটা দে তো" বা "আমার মনে হয় আমাদের পারুলের টোস্টারের আঁচটা কমিয়ে দেওয়া উচিত," বলতেন মা৷ তোমার পুরনো জামাগুলি যাতে আমি পরতে পারি সেজন্য তোমার মা সেগুলো ব্যাগ ভর্তি করে এনে দিয়েছিলেন৷ সে সময়ে মা ব্যাগগুলো সরিয়ে রেখেছিলেন, বছর কয়েক বাদে ইনমান স্ক্যোয়ার থেকে শ্যারনের বাসায় চলে আসার পরে মা ওগুলি আমার ওয়ার্ড্রোবে রেখেছিলেন যাতে আমি ওগুলো পরে বড় হতে পারি৷ওগুলোর মধ্যে বেশিরভাগই ছিল শীতের জামা, ভারতে এগুলো তোমার আর দরকারও হত না৷ মোটা টি-শার্ট আর নেভি আর খয়েরি রঙের গলাবন্ধ জামা ছিল ওগুলি৷ জামাগুলো আমার নোংরা লাগত আর ওগুলো না পরারই চেষ্টা করতাম, কিন্তু আমার মা ওগুলো বাতিল করার কথা ভাবতেই পারতেন না৷ তাই আমাকে একরকম বাধ্য হয়েই তোমার সোয়েটার পরতে হত, বর্ষার দিনে তোমার রবারের বুট পরতে হত৷ একদিন সন্ধ্যায় আমাকে তোমার একটা কোট পরতে হয়েছিল, কোটটি আমার এত অপছন্দ ছিল যে শেষ পর্যন্ত সে অপছন্দ গিয়ে পড়ল তোমার উপরে৷ নীল-কালোর সাথে কমলা রঙের লাইনিং দেওয়া ছিল এটিতে আর মাথার কাছের শেষ দিকটি ধূসর-খয়েরি রঙের কাটা ছিল৷ যাতে ক্লাসের অন্য মেয়েদের হাল্কা গোলাপি ও বেগুনী রঙের জ্যাকেটের থেকে খুব আলাদা না লাগে সে জন্য আমি কোটটির ডানদিকের চেনটা লাগাতাম না৷ আমি যখন আমার বাবার কাছে একটা নতুন কোট চাইলাম, বাবা পরিষ্কার না বলে দিলেন৷ বললেন, যেটা রয়েছে সেটাই পরো৷ কিন্তু আমার এটা পরার একেবারে ইচ্ছা ছিল না৷ ভাবলাম এটা হারিয়ে গেলে ভাল হয়৷ ইচ্ছা ছিল কোন একদিন এই রকমের কোটওলা কোন ছেলে দিনের শেষে আমাদের ছোট্ট চৌখুপির মধ্যে রাখা কোটগুলো থেকে নেওয়ার সময় তাড়াহুড়ো করে বদলে ফেলবে৷ কিন্তু আমার মা এই কোটটির মধ্যে একটি লেবেলে আমার নাম পর্যন্ত সেলাই করে রেখেছিলেন, এটা তাঁর মাথায় গুডহাউসকিপিং ম্যাগাজিন থেকে এসেছিল৷ একবার আমি স্কুলবাসে ফেলে এসেছিলাম৷ সেদিন ঠান্ডা খুব কমই ছিল, বাসের জানলাগুলোও খোলা ছিল, সবারই গরম জামা সিটে রাখা ছিল৷ আমি সাধারণত যে বাসে যাই সেদিন তাতে না গিয়ে অন্য একটি ধরেছিলাম৷ বাসটি আমাকে পাশের পিয়ানো টিচার, মিসেস হেননিসির বাড়ির কাছে নামিয়ে দিয়ে গেছিল৷ বাসটা যখন আমার স্টপেজের কাছে এসে দাঁড়ালো আমি উঠে দাঁড়ালাম, দরজা দিয়ে নামতে যাব ড্রাইভার আমাকে সাবধানে রাস্তা পেরোতে বললেন৷ দরজার হাতলটা ধরে টান দিলেন, বাইরের একমুঠো তাজা বাতাস ভিতরে ঢুকলো৷ কোটহীন অবস্থায় আমি নামতে যাব, পিছন থেকে কেউ চেঁচিয়ে উঠল, "আরে, হেমা এটা ফেলে যাচ্ছিস!" আমি চমকে তাকালাম যে বাসের সকলেই আমার নাম জানে; আসলে কোটের মধ্যেই তো আমার নাম লেখা ছিল৷
পরের বছর একটা মস্ত সুবিধা হ'ল৷ কোটটা আমার গায়ে ছোট হ'ল, আমাকে যেন বাঁচিয়ে দিয়ে এটিকে চ্যারিটি করে দেওয়া হ'ল৷ তোমার মা-বাবার দিয়ে যাওয়া টোস্টার, বাসন-পত্র, টেফলন পট আর প্যানগুলোর বদলে আস্তে আস্তে নতুন আসতে লাগল, শেষ পর্যন্ত বাড়িতে আর তোমার কোন পার্থিব চিহ্নই রইল না৷ এরপর অনেক বছর আমাদের পরিবারের মধ্যে আর কোনও যোগাযোগ ছিল না৷ আমার বাবা-মা তাঁর আত্মীয়স্বজনদের সাথে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে যা যা করা উচিত যেমন পোস্ট অফিস থেকে প্রচুর অ্যারোগ্রাম কিনে প্রতি সপ্তাহে নিশ্চিত করে তা ডাকে পাঠানো, দাদু-দিদাদের জন্য বাঁধা গতে প্রতি চিঠিতে নীচে আমাকে দিয়ে তিন লাইন লেখানো নিয়ম করে এগুলো করতেন কিন্তু তোমাদের সাথে এরকম ব্যবহার দেখিনি৷ খুব কমই আমার মা-বাবার সাথে তোমার মা-বাবার কথা হত৷ আমার মনে হয়েছিল তোমাদের সাথে আর আমাদের দেখা হবে না৷ তুমি কলকাতা থেকে অনেক দূরে বম্বে চলে গিয়েছিলে, আমি আর বাবা-মা ওখানে কোনও দিন যাইও নি৷ সে কারণে আমাদের সাথে তোমাদের কোন দেখা সাক্ষাত্ওও ছিল না, অবশেষে যোগাযোগ হ'ল ১৯৮১র ১লা তারিখে৷ তোমার বাবা খুব সকালে ফোন করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন আর সাথে বলেছিলেন যে তোমার বাবা ম্যাসাচুসেটসে নতুন চাকরী পেয়েছেন আর তোমরা আবার এদেশে ফিরে আসছ৷ বাবা তোমার বাবাকে এখানে বাড়ি খুঁজে না পাওয়া পর্যন্ত সবাই মিলে আমাদের বাড়িতে থাকার অনুরোধ করেছিলেন৷ এরপর থেকে বেশ কয়েকদিন ধরে আমাদের আলোচনায় একই বিষয় ঘুরে ফিরে এল৷ অবাক হ'ল এই ভেবে যে সে সময়ে লার্সেন এন্ড টুবরোর মতো জায়গায় চাকরী ফেলবার মতো নয়, তা হবেও না আর? তোমার মা কি আর দেশের বিশৃঙ্খলা আর গরম সহ্য করতে পারলেন না? ওদেশের স্কুল কি পছন্দমতো হয় নি? তারপরে ইন্ট্যারন্যাশনাল কল সংক্ষিপ্ত হয়ে এল৷ তোমার পরিবারকে এরপর স্বাগত জানানো হ'ল, বাবা-মা তোমাদের আসার দিন গুনতে লাগলেন আর রান্নাঘরের ক্যালেন্ডারের তারিখে দাগ দিতে থাকলেন৷ তোমাদের ফিরে আসার কারণ যাই হোক না কেন, বাবা-মার কথাবার্তা শুনে আমার মনে হ'ল তোমাদের এ ফিরে আসা এক দ্বিধাগ্রস্থতা, দুর্বলতার বহিঃপ্রকাশ৷ তোমার বাবা-মায়ের দু দেশেই ব্যর্থতাকে নিন্দা করে তারা তাদের বন্ধুদের বলতে লাগলেন "ওদের তো জানা উচিত যে ফিরে আসা এককথায় অসম্ভব৷" তোমরা যখন চলে গিয়েছিলে তখনও আমরা এদেশে অভিবাসী হিসাবে যাবতীয় দুঃখ কষ্ট ভোগ করে টিকে ছিলাম; মা-বাবা বলতেন, আমরা ভারতে ফিরে গেলে, সেখানেও আমাদের এভাবেই থাকতে হবে৷ তুমি ফিরে না আসা পর্যন্ত তোমার যে জামা-কাপড় আমি পেতাম থমকে যাওয়া সেই আট-ন বছর বয়সই ভেবে রেখেছি তোমার৷ কিন্তু এখন যে তোমার বয়স ষোল, এর দ্বিগুণ এবং আমার মা-বাবার তোমার জন্য আমার ঘরটাই ছেড়ে দেওয়া ঠিক বলে মনে হ'ল৷ আর আমার জন্য বরাদ্দ হ'ল তাঁদের ঘরে একটি ফোল্ডিং খাট৷ তোমার মা বাবা থাকবেন হ'ল ঘরের নীচে আমাদের গেস্ট রুমে৷ আমার মা বাবারা প্রায়ই নিউ জার্সি বা নিউ হ্যাম্পশায়ার থেকে উইকএন্ড কাটাতে আসা বন্ধুদের আতিথেয়তা করতেন, জমকালো ডিনার থাকত আর অনেক রাত অব্দি ভারতের রাজনীতি নিয়ে কথা চলত৷ সবসময়েই রোববার রাতে তাঁরা বাড়ি ফিরে যেতেন৷ আমি নিজের বিছানার পাশে মেঝেতে স্লিপিং ব্যাগে তাদের বাচ্চাদের সাথে শুতে অভ্যস্ত ছিলাম৷ একমাত্র সন্তান হওয়ায় মাঝে মাঝে আমি এই সঙ্গ পেতাম৷ কিন্তু আমাকে কখনই পুরো ঘর ছেড়ে দিতে বলে নি কেউ৷ মা’কে আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কেন ফোল্ডিং খাটটায় আমাকে না দিয়ে তোমাকে শুতে দিচ্ছ না৷ মা বলল, "কোথায় রাখব আমি এটা?", "আমাদের তো মাত্র তিনটে বেডরুম আছে৷"
পরবর্তী পরের পোষ্টে....
ইংরাজী থেকে ভাষান্তর
[ঝুম্পা লাহিড়ীর শেষ প্রকাশিত ছোট গল্প সংকলন "আন অ্যাকাস্টামড আর্থ" থেকে নেওয়া একটি ছোট গল্প৷ গল্পটি প্রথম নিউইয়র্কার ডট কমে ২০০৬ এর মে মাসে প্রকাশিত হয়৷]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


