বিশ্ব নারী দিবসে শুভেচ্ছা সকল নারী, মা বোন, খালা, আপা চাচীকে
©কাজী ফাতেমা ছবি
নারী তুমি স্নিগ্ধ সুন্দর
ভালবাসার স্বর্ণখনি
নারী তোমায় জিতেছে যে
সে হবে দুনিয়ার ধনী।
নারী তোমার কোমল স্পর্শে
শিশু হাসে খিলখিলিয়ে
নারী তুমি হাসি দিলেই
বাড়ি উঠে ঝিলমিলিয়ে।
নারী তুমি ধৈর্যশীলা
সকল সামলাও একটি হাতে
নারী তুমি ঘরে বাইরে
কাঁধ মিলাও পুরুষের সাথে।
নারী তুমি পলাশ শিমুল
অশোক বনের রক্ত পুষ্প
নারী তুমি কারো জন্য
বেঁচে থাকার নি:শ্বাস বাষ্প।
নারী তোমার মনের মাঝে
দাঁড়িয়ে যে মায়ায় পাহাড়
নারী তুমি প্রেমের মনে
ছড়িয়ে দাও রঙের বাহার।
নারী তুমি স্পর্শ দিলেই
জেগে উঠে পুরুষের মন
ভালবাসার অথৈ ঢেউয়ে
ভেসে করো প্রেম আহরণ।
নারী তুমি ভাইয়ের বোনটি
নারী তুমি মায়ের জাতি
নারী তুমি ফুলের কলি
আঁধার ঘরে আলোর বাতি।
নারী তুমি স্বামীর বধূ
আঁকড়ে ধরা লাজুকলতা
নারী তুমি নরের আধেক
সুখে দু:খে অনেক কথা।
নারী তোমার চরণতলে
সন্তানের যে স্বর্গ রাখা
নারী তোমার ভালবাসা
স্নেহ সুখ আঁচলে ঢাকা।
নারী তুমি কর্মজীবী
ঘরে বাইরে সমান তালে
কর্মের মাঝে থেকেও তোমার
তৃপ্তির হাসি ভেজা গালে।
নারী তুমি মা বোন জায়া
সম্মান নিয়ে বেঁচে থাকো
তোমার মাঝে ভালবাসার
পাতা আছে বন্ধন সাঁকো।
নারী জাতি মায়ের জাতি
স্নিগ্ধ শীতল বটের ছায়া
নারী তোমার আঁচল তলে
আদর স্নেহের অথৈ মায়া।
নারী তোমায় ইসলাম দিলো
বেশী সম্মান সবার থেকে
সে সম্মান ধূলায় মিশিয়ে
ছি নিয়োনা ভালে এঁকে।

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




