
©কাজী ফাতেমা ছবি
(আমার বড়ছেলের জন্মদিন আজ। দোয়াপ্রার্থী)
জন্মদিনে জানাই অনেক
শুভেচ্ছা আর ভালবাসা
ভাল থাকিস সুন্দর থাকিস
মনের মাঝে এইতো আশা।
বছর ঘুরে দিনটি এলো
জন্মদিনের বার্তা নিয়ে
কি পেলে তুই হবি খুশি
যা চাস তা আজ দিবো দিয়ে।
সুখ-শান্তিতে জীবন কাটুক
সাথে মায়ের মায়ার ছোঁয়া
হাসিখুশি থাকিস বাবা
অন্তর ভরে দিলাম দোয়া।
কপালে তোর এঁকে দিলাম
গোনে একশত দুই পাপ্পা
ঠাণ্ডা মেজাজ নিয়ে চলিস
কভু হোস না মহাখাপ্পা।
ভালবাসায় ভরে থাকুক
তোর জীবনের সকল দিবস
চলার পথে কষ্ট দেখে
হোস না বাবা কভু বিবশ।
শক্ত হাতে ধরবি কিন্তু
জীবনের হাল, কঠিন সময়
বেশি সুখের তরে তবে
থাকিস নে তুই হয়ে তন্ময়।
মানুষের জন্য হোস মানুষ
সেবা কর্মে হয়ে সেরা
সবার দোয়া মাথার উপর
ভালবাসায় থাকুক ঘেরা।
অল্প দু:খে দেখিস আবার
পড়িস নে য্যান ক্ষয়ে ক্ষয়ে
সাহস বুকে অঢেল রাখিস
থাকবি নে ঘরে ভয়ে ভয়ে।
পিছ পা হবি নারে বাজান
সত্য পথে চলতে কভু
ন্যায়ের পথে চললে দেখিস
সাথে আছেন দয়াল প্রভু।
বাবা মায়ের দেশের দশের
সেরা হয়ে থাকিস বাজান
অযু করে পড়বি নামাজ
মসজিদে যাস শুনলেই আযান!
জেনে রাখিস এই ধরাতে
আল্লাহ্ দিলেন সুন্দর জীবন
অল্প আয়ূ নিয়েই আমরা
সুখে সাজাই মোদের ভূবন।
অল্প আয়ূর এই জীবনে
মন্দ থেকে দূরে থাকিস
পূণ্য কাজে ব্যস্ত থেকে
সবার মনে স্বপ্ন আঁকিস।
কেউ যেনো বলতে না পারে
জীবনটা তোর অলীক ভূঁয়া
নারিকেলের মতই হোস তুই
তোর মা তোকে দিলো দোয়া।
(নারিকেলের মতো মানে উপরে বজ্র কঠিন ভিতরে নরম বিশুদ্ধ টলটলে জলের মতই)
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



