
---------------------------------------------------------------------------------------------------------------------
তোমার মন যদি কখনো এলোমেলো হয়, বিষাদ জমা হয় চোখে, মন হয় বিষণ্ণ অথবা সময়গুলো তোমার পাথর হয় খুব, তুমি এসো গোলাপ ফোটা বাগানে। যেখানে বাতাসে দোল খায় মুগ্ধতা, গোলাপের পাতায় আটতে থাকে রাজ্যের স্নিগ্ধতা-তুমি হারাবে ঠিক ঠিক, কোথায় উড়ে যাবে সব ক্লান্তি তুমি টেরই পাবে না।
স্যামসাং এস নাইন প্লাস দিয়ে বিভিন্ন সময়ে তোলা কিছু গোলাপের ছবি। সবগুলো ভালো না আসলেও গোলাপ তো গোলাপই, সবার জন্য হোক ঘ্রাণ ছড়ানো বেলা। সুন্দর থাকুন সবাই ।
----------------------------------------------------------------------------------------------------------------------
২। গোলাপী আভাতে ছড়িয়ে আছে কিছু মুগ্ধতা, আঙ্গুল ছোঁয়ালেই ঝরে পড়ে শুদ্ধতা। মনটা শুদ্ধ হোক তোমার, প্রকৃতির এমন রঙে। গোলাপের পাতায় পাতায় আঁকা যেনো শত কবিতা। একটি কবিতা তুলে দিতে চাই তার হাতে, যে কী না অবহেলায় রাখে সদা দূরে আমায়।

৩। আমি তোমার শিশু বউ গো, আমি তোমার শিশু বউ
এই দেখো না আধ মেলা পাপড়ি খুলে ছড়িয়েছি মউ
পাপড়ি মেলা একটি প্রহর, তুমি এসে বলো-বউ কথা কউ big_smile

৪। ঘ্রাণ ছড়িয়ে ফুটে থাকে হরেক রঙের গোলাপ, উঠোনের কোণে সবুজ আচ্ছাদন ফুঁড়ে ওরা হেসে উঠে রোজ সকালে। ঘুম ভেঙ্গে একদিন দাঁড়িয়ো ওদের সামনে, তোমার মন হয়ে যাবে দোয়েল পাখি।

৫্। লাল গোলাপের একটি গুচ্ছ, দেবে এনে আমায়, গোলাপ রঙ তুলিতে কিছু সুখ এঁকে দেবে আমার জামায়?

৬। হাতে করে নিয়ে এসো লাল গোলাপের চারা, ঝুল বারান্দায় লাগাবো চুপ, ঘ্রাণে পাগলপাড়া।

৭। হলুদ শাড়ি হলুদ চুড়ি, হলুদ চুলের ফিতা, ও বন্ধুরে হবি নাকি আমার প্রাণের মিতা?
খোঁপায় দিবি হলুদ রঙে গোলাপ ঝুলিয়ে, রাখবি আমায় আপন করে প্রেমে ভুলিয়ে?

৮। সবুজের মধ্যিখানে রক্তবর্ণ গোলাপ, আমার স্বাধীন পতাকা, হাওয়া এলেই দুলে উঠে স্বাধীনতার সুখে। আহা সবুজের বুকে লাল সে থাকবেই চিরকাল।

৯। রঙ বাহারী গোলাপ বাগে, ভ্রমর হয়ে এসো, আমায় নিয়ে সুখের ঠেলায়, ডুব সাতারে ভেসো।
কলি হবো গোলাপ বাগের তুমি হয়ো মৌমাছি, খেলবো দুজন প্রেমের ছলে রুমাল বেধে কানামাছি।

১০। অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছি সেই কবেই, গোলাপী আভার মুখ বিষাদে হলো নীল। তুমি খুঁজলে না আমার অভিমান, আমি যেনো চুপসে যাওয়া গোলাপের পাপড়ি। ধূলায় মিশে যাবো তবুও তুমি বুঝবে না আমায়।

১১। তুমি আমি পাশাপাশি, কী আনন্দে ভাসাভাসি, ভালোবাসায় ফুটে থাকি, বৃষ্টির জলে স্বপ্ন আঁকি, তুমি আমি পাশাপাশি, অকারণে হাসাহাসি.......... দাও বলে দাও ভালোবাসি।

১২। ছুঁয়ে দিয়ো না চোখের পাতায়, ঝরে যাবো ধূলোয়, ঠিক গোলাপের পাপড়ির মতন, তখন তো আর তুলে আনবে না আমায় যতন, রাখবে না আগলে বুকের বামে......... কিনবে না মন আমার প্রেমের দামে।

১৩। চোখ জ্বালিয়ে দেবো যদি তাকাও, ঠোঁটে এঁকে দিয়েছি রক্ত গোলাপ রঙ, চোখের পাতায় সবুজাভ আইশ্যাড, চোখ ফিরিয়ে নিয়ে বলো আমায়, চলো ঘুরে আসি কোথাও। আমি যেনো নাজুক গোলাপ হয়ে যাবো......হাত ধরে ঘুরবো রঙ দুনিয়ায়।

১৪। মন বড় উচাটন, গোলাপ হতে পারলে ঠিক হতো, তুমি ছুঁয়ে দিতে আর আমি নুয়ে পড়তাম তোমার ভালোবাসায়।

১৫। জল ছিটিয়ে দিয়ো মনের বাগে, এক টুকরা প্রশান্তি বয়ে যাক মন বাগানে। তুমি আসলেই সেখানে থরে থরে ফুটবে সুখ গোলাপ ।

১৬। হাজার গোলাপ ফুটুক তোমার মন উঠোনে, ভালোবাসা সারে উর্বর করে চোখের জল ছিটিয়ে দিলেই তুমি সুখী হবে তাই না? মনে ফুটবে তোমার হাজার গোলাপ।

১৭। আহা! কী সুন্দর রঙ গোলাপের গা ছুঁয়ে আছে। তুমি কী একবারও ভেবেছো স্রষ্টার সৃষ্টির কোনো তুলনাই হয় না। কত রঙ দিয়েছেন বৃক্ষ তরু লতায়। অনুভব করো একবার, স্বীকার করো তার সৃষ্টি, তাঁর দয়ায় চোখের আলোয় দেখছি রঙ ভুবন।

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৯ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





