
©কাজী ফাতেমা ছবি
শেষ হয়ে যায়, সবাই শেষের ডাকে সারা দিতে গিয়ে হয় অদৃশ্য;
একদা ইতি ঘটে জীবনের সাথে, সবার সাথে সব দেনা পাওনার,
কবিও লিখেছিলেন,
`বিদায়ের শেষ খেয়া ডাকছে আমায় হাত বাড়িয়ে।'
তিনিও অক্ষরে অক্ষরে তুলে রেখেছিলেন বিদায়ের ডাক,
রেখেছিলেন আঙ্গুল কবিতার খাতায়...
কলমের খোঁচায় শব্দে শব্দে বলেছিলেন শেষ সব ছন্দ
জীবনের সাথে দ্বিধাদ্বন্দ্ব, চাওয়া পাওয়ার দুয়ার বন্ধ,
শেষ সব শেষ, তাল লয় মাত্রা আর অন্ত্যমিলেরও শেষ।
যে চলে যায় সব লেনাদেনা মিটিয়ে,
সে শুধু আলো খুঁজেছিলো একদা, তারও ঠাঁই হয় আঁধারে;
ভেসে যায় সব আকাঙখা আঁধারের ঢেউয়ে,
না, কবি না, আপনাকে নিয়েই শুধু খেলা হয় না শেষ,
আপনার আগে আরও কত কত মনীষী, বিজ্ঞানী, শিল্পী
কবি, মাওলানা, লেখক ভেসে গিয়েছেন কালের খেয়ায়।
ফিরে আসেন নি কেউ আর, না, আসেন নি নজরুল,
রবী ঠাকুর, রুকেয়া, হুমায়ুন, আইয়ুব বাচ্চু
ইমতিয়াজ বুলবুল কেউ না, আসেন নি আর ফিরে।
আর আপনি আল মাহমুদ আপনার শরীর কী এখনো কাঁপছে,
আপনি কী শুনতে পাচ্ছেন, কত পাঠক আজও মন্ত্র মুগ্ধ
আপনার কবিতা পাঠে!
কত হাজার মানুষের দোয়া উড়ে যাচ্ছে আপনার শবে,
আপনি অমর, আপনাকে ভুলবো না আমরা!
আপনার কথা মনে হলেই হৃদয়ে রক্তক্ষরণ চুয়ে চুয়ে,
আপনাকে ভাবলেই মনে পড়ে যায় কবিতার চরণ...
"পাঠে আমার মন বসে না কাঁঠালচাঁপার গন্ধে"
কবিতায় চোখ রাখলেই দেখি সেই কালজয়ী কবিতা,
"ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়?
বরকতের রক্ত। "
আহা সেই ভাষার মাসেই আপনি অনন্তকালের নিদ্রায় আচ্ছন্ন।
যেখানেই থাকুন আপনি আছেন, থাকবেন আমাদের হৃদয়ে
আল্লাহ আপনাকে জান্নাত নসীব করুন।
February 16, 2019 at 10:34 PM
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


