
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশে ভিন্ন মতের কণ্ঠরোধে যেসব হত্যাকাণ্ড ঘটছে, সেগুলো বন্ধে বাংলাদেশের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং কোনোভাবেই এগুলো সহ্য করা উচিত নয়। ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার প্রতিক্রিয়ায় গতকাল শুক্রবার সংস্থাটি এ প্রতিক্রিয়া জানিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের গবেষণা পরিচালক ডেভিড গ্রিফিথ বলেন, এ ধরনের নিষ্ঠুর হত্যাকাণ্ড এখানেই শেষ হওয়া উচিত। তিনি আরও বলেন, স্বাধীনভাবে মত প্রকাশের কণ্ঠরোধ করতেই যে পরিকল্পিতভাবে এ ধরনের নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে, এ নিয়ে সামান্য সন্দেহই রয়েছে এবং এটি অগ্রহণযোগ্য।
গ্রিফিথ বলেন, মতপ্রকাশের স্বাধীন চর্চাকে কোনোভাবেই মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যাবে না। এ ধরনের আক্রমণ যাতে আর না হয়, সেটি বন্ধে বাংলাদেশ সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। স্বাধীন, কার্যকর ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব ঘটনার তদন্ত করা উচিত। আর যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের নিরপেক্ষ বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট চারজন ব্লগার হত্যাকাণ্ডের শিকার হলেন। নীলাদ্রি ছাড়া হত্যাকাণ্ডের শিকার অন্যরা হলেন, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাস।
আন্তর্জাতিক ডেস্ক/ল'ইয়ার্সক্লাববাংলাদেশ.কম
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



