বাংলাদেশ তৃতীয় বিশ্বের বিশাল জনসংখ্যার তুলনায় আয়তনে ক্ষুদ্র একটি দেশ। স্বাধীনতার পর থেকে ৩৮ বছর অতিক্রম করার পর ও নিজস্ব ভৌগোলিক সীমা বিশেষ করে সমুদ্রসীমা বুঝে নিতে পারেনি দেশটি। প্রায়শই দুই প্রতিবেশী দেশ ভারত ও মায়ানমারের সাথে সৃষ্টি হয় বিতর্ক ও দ্বন্দ্বের। এ বিরোধের ধারাবাহিকতায় বিভিন্ন সময় দেশগুলোর সাঙ্গে বাংলাদেশের সৃষ্টি হয় যুদ্ধ সম পরিস্থিতি। তাছাড়া বর্তমানে বাংলাদেশ ও প্রতিবেশী দুটি দেশ স্বীয় অধিকার আদায়ের লক্ষ্যে জাতিসংয়ের সাহায্য কামনা করছে। তাই নিজস্ব সমুদ্রসীমার অধিকার আদায়ে বাংলাদেশের সম্ভাবনা ও প্রস্তুতি কতটুকু? এ সব নিয়ে নিম্নে সামান্য কথামালা।
বাংলাদেশ ও বঙ্গোপসাগর:
১৪৭৫৭০ বর্গ কি.মি.আয়তন বিশিষ্ট এদেশের দক্ষিণে অবস্থিত অপার সম্ভাবনাময় সম্পদের উৎস, আমাদের মূল্যবান সম্পদ বঙ্গোপসাগর। যার আয়তন ২২ লাখ বর্গকিলোমিটার, যাকে মাছের খনি হিসেবে অভিহিত করা হয় । ১৯৫৮-১৯৯৩ সাল পর্যন্ত বঙ্গোপসাগরের মৎস্য সম্পদের পরিমাণ নির্ধারণে মোট ১২টি জরিপ করা হয়েছিল। যদিও মজুদ মৎস্য সম্পদের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি, তথাপি ১৯৭৯-৮০ সালের এক জরিপে দেখা যায় নানা প্রজাতির প্রায় ১ লাখ ৬২ হাজার মেট্রিক টন সামুদ্রিক মাছ রয়েছে। তেল এবং গ্যাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে প্রচুর। অনেক সমুদ্র বিজ্ঞানী গ্যাস উৎপাদনের জন্য বঙ্গোপসাগরের প্রাকৃতিক অবকাঠামোকে অনুকূল হিসেবে বর্ণনা করেছেন। গবেষণায় দেখা যায় প্রায় ৪০০ কোটি টন বিভিন্ন দ্রবীভূত পদার্থ এখানে বিদ্যমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সের অধ্যাপক ননী গোপাল দাস এক গবেষণার আলোকে বলেন বঙ্গোপসাগরে প্রায় ১৬৫ প্রজাতির শৈবাল রয়েছে। যে গুলোর অধিকাংশই খাদ্য হিসেবে গ্রহণ করার উপযোগী, সুস্বাদু ,স্বাস্থ্যসম্মত এবং ব্যাধি নিরোধী। এ শৈবাল রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন ও সম্ভব বলে তিনি মনে করেন। প্রতি ঘন কিলোমিটার সমুদ্রজলে দশ লাখ টন ম্যাগনেশিয়াম রয়েছে যে গুলো হতে পারে শিল্পায়ন ও রপ্তানির উপকরণ। এই বঙ্গোপসাগরেই অনবরত পলি জমার মাধ্যমে কোন এক সময় সৃষ্টি হতে পারে বাংলাদেশের ছেয়ে বড় আয়তন বিশিষ্ট দ্বীপ। আধুনিক পারমাণবিক বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে সমূদ্রের পানি ব্যবহারের মাধ্যমে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা। এরকম হাজারো সম্ভাবনাময় সম্পদের উৎস বাংলাদেশের বঙ্গোপসাগর। দেশের প্রাণ, যা ভূ-তাত্ত্বিক বিবর্তনের মাধ্যমে আমরা পেয়েছি প্রকৃতি হতে। এটি আমাদের অধিকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সীমাহীন সম্ভাবনা।
বাংলাদেশের অধিকার ও বাস্তবতা:
কিন্তু বাস্তবিকই আমরা এর কতটুকু নিজেদের অধিকারে রাখতে পারছি? আমাদের এ অমূল্য সম্পদের ঝুঁকির ধরন কেমন? এসব প্রশ্নের উত্তরে আমরা হতাশ। ১৯৭৪ সালের “টেরিটোরিয়াল ওয়াটারস এন্ড মেরিটাইম জোনস্ এ্যাক্ট”-১৯৭৪ অনুযায়ী বাংলাদেশের সমুদ্র সীমানার আয়তন ১২ ন্যাটিকাল মাইল (রাজনৈতিক) এবং ২০০ ন্যাটিকাল মাইল (অর্থনৈতিক)। এ আইনে বাংলাদেশ ৬০ ফুট গভীরতাকে পানির “ভিত্তি রেখা” হিসেবে বিবেচনা করে “ইন্টারনাল ওয়াটার টেরিটোরিয়াল সি”, “কন্টিজিয়াস জোন”, “এক্সক্লুসিভ ইকোনমিক জোন”, “কন্টিনেন্টাল সেলফ্” এবং হাইসিজ নামক ছয়টি মেরিটাইম জোন সৃষ্টি করেছিল। কিন্তু এটি আন্তর্জাতিক সমুদ্র আইন সম্মত হয়নি। উপরন্তু এ বিষয়ে প্রতিবেশী দেশ (ভারত, মিয়ানমার) এর সাথে আলোচনা করা হয়নি তাই “জোন লকড্” এর কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশ “এক্সক্লুসিভ ইকোনমিক জোন”(২০০ ন্যাটিকাল মাইল) দাবি করতে পারবে না। উল্টো বাংলাদেশ আটকে যাবে ভারত, মিয়ানমারের “এক্সক্লুসিভ ইকোনমিক জোন”- এর আওতায়। এটি বাংলাদেশের সমুদ্র সীমানার অধিকার আদায়ে বড় ধরনের হুমকি। এ হুমকি বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণে রাজনৈতিক ও কৌশলগত ব্যর্থতার সূদুরপ্রসারী পরিণতি।
বাংলাদেশ বনাম ভারত ও মিয়ানমারের মধ্যকার বিতর্ক:
উপরন্তু দুই প্রতিবেশী দেশের আগ্রাসী মনোভাব আমাদের এ মূল্যবান সম্পদকে তীব্র্র হুমকির সম্মুখীন করছে। ১৯৭৪ সালে ভারত বাংলাদেশ অনুমোদিত “টেরিটেরিয়াল ওয়াটারস এন্ড মেরিটাইম জোনস্ এ্যাক্ট” আইনের প্রতিবাদ করে। এ সময়কালে ভারত বাংলাদেশে তৈল,গ্যাস অনুসন্ধানেরও বিরোধিতা করে। ১৯৮২ সালে সমুদ্র সীমানা আইন পাস হওয়ার পর বাংলাদেশ সরকার জাতিসংঘে পাঠানো এক চিঠির মাধ্যমে নিজেদের সমুদ্র সীমার ভিত্তি রেখা সঠিক বলে জানায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ভারত ও মিয়ানমার জাতিসংঘে লিখিত প্রতিবাদ জানায়। এসবেরও পূর্বে ১৯৭০ সালে তালপট্টি দ্বীপের মালিকানা প্রথম বারের মত ভারত দাবি করে। যদিও আইনত এটি বাংলাদেশের অধিকার। কিন্তু আজও এটি ভারতের দখলে।
অন্যদিকে, মিয়ানমার ও বাংলাদেশের দু দ্বীপ ওয়েস্টার ও সেন্টমার্টিনের মধ্য ভাগে দুই দেশের আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করা হয় ১৯৭৪ সালে। বেশ কয়েকবার আলোচিত এ চুক্তি বাস্তবায়িত হলে দেশের বিশাল সমুদ্র ভাগ হারাতে হবে। এভাবেই প্রতিবেশী দুই দেশের সাথে সমুদ্র সীমা নিয়ে দ্বন্দ্ব স্বাধীনতা পরবর্তী সময় হতে বাংলাদেশে বিদ্যমান। এছাড়া বঙ্গোপসাগরে থাকা বাংলাদেশের মোট ২৮টি ব্লকের মধ্যে ভারত ৯টি এবং মিয়ানমার ১১ টিকে নিজেদের বলে দাবি করছে। প্রায়ই ভারত এবং মায়ানমার বাংলাদেশের সমুদ্র সীমার অভ্যন্তরে ঢুকে তেল, গ্যাস অনুসন্ধানের অপপ্রয়াস চালাচ্ছে। ২০০৮ সালের ২৫ ডিসেম্বর ভারত এবং তত্ত্বাধয়াক সরকারের আমলে গত বৎসর মায়ানমার নৌবাহিনী বাংলাদেশ সীমান্তে তেল-গ্যাস অনুসন্ধান করতে এলে যুদ্ধ সম পরিস্থিতির সৃষ্টি হয়। এভাবেই সমুদ্র সীমানার অধিকার আদায়ের ক্ষেত্রে বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে প্রতিবেশী দেশ দুটির প্রবল হুমকি।
সাম্প্রতিক তৎপরতা
গত ১২ মে ভারত জাতিসংঘে তাদের দাবি দাওয়া পেশ করেছে। এর পূর্বে গত বৎসরের ডিসেম্বরে মায়ানমারও অনুরূপ দাবি দাওয়া এবং তাদের মানচিত্র জমা দিয়েছে। এ লক্ষে গত ১৪ মে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বাংলাদেশ জাতিসংঘে নিজেদের ন্যায় সংগত অধিকার আদায়ের লক্ষ্যে আইনগত লড়াই করবে। এ দিকে গত ১৬ মে পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি মায়ানমারের সাথে সমুদ্র সীমানা নির্ধারণের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ঐ দেশ সফরে যান। আশার কথা ভারত সম্প্রতি সম্মত হয়েছে জাতিসংঘ আইনের অধীনে একটি ন্যায্য সমাধানে পৌঁছাতে। তাই বাংলাদেশ সরকারকে দেশের জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও আন্তর্জাতিক সহায়তা নিশ্চিতের মাধ্যমে নিজেদের এ অপার সম্ভাবনাময় সম্পদকে রক্ষা করতে হবে।
জেনে রাখুন
জোন লকড
আন্তর্জাতিক সমুদ্র আইন বিরোধী অন্য কোন আইনের বা চুক্তির অনুমোদন বা বাস্তবায়ন করা এবং এ লক্ষে প্রতিবেশী বা বিবদমান দেশসমূহের মধ্যে কোন আলোচনা না করার ফলে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী কোন দেশকে যে শাস্তি প্রদান করা হয় তাকে ”জোন লকড” বলা হয়।
ডেড লাইন ২০১১
বাংলাদেশ ২০০১ সালে আন্তর্জাতিক সমুদ্র আইন ২০০১(আনক্লজ-৩) রেটিফাই করে। নিয়ম অনুযায়ী সমুদ্র আইন রেটিফাই করার ১০ বছরের মধ্যে কোন দেশকে নিজস্ব সমুদ্রসীমা নির্ধারণ করতে হয়। তাই ২০১১ সাল বাংলাদেশের জন্য ডেডলাইন। কেননা এ সময়ের মধ্যে বাংলাদেশকে তার সমুদ্র সীমা নির্ধারণ করতে হবে। যা এখন ও পর্যন্ত সম্ভব হয়নি ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


