[আমার প্রিয় গায়ক নচিকেতার নীলাঞ্জনা ৩ এর গানটি থেকে এই লেখার প্রেরণা পেয়েছি]
পত্রিকায় যখন এই ছবিটি প্রথম দেখি, তখনই মনগতে কিছু একটা আন্দোলিত হয়েছিল, যার নাম প্রেম কিনা জানি না। অদ্ভুত মায়াবি চোখ আর নিস্পাপ চেহারা দেখে কিছুক্ষনের জন্য সম্বিত হারিয়েছিলাম বলে শিরোনামটি আর চোখেই পড়েনি। কল্পণার জগতে হয়তো আমার মুগ্ধ নয়নে চেয়ে থাকায়, লজ্জায় মেয়েটি চোখ নামিয়ে নিয়েছিল। এই ভালো লাগার ক্ষণটির স্থায়িত্ব মনে হয় কয়েক সেকেন্ডের বেশি স্থায়ি হয়নি। ছবি লাগোয়া শিরোনামে চোখ পড়তেই সেই খুব ভালো লাগার মুহুর্তটা কাচের মত ভেঙ্গে পড়েছিল।
বছর দেড় দুই আগে এই শিরোনামের "নারায়নগঞ্জে মেয়ে হত্যার বিচার চাইতে গিয়ে নিরাপত্তাহীনতায় পরিবার" খবরটি পড়ে মনে হলো এ কোন সমাজে বসবাস আমাদের? ঠিকই ধরেছেন। এই নিস্পাপ চেহারার মেয়েটি যৌতুকের বলি হয়ে এখন সবকিছুর উর্ধে চলে গেছে। তবে তার চিরপ্রস্থানের পথটি ছিল কঠিন এবং মর্মান্তিক। কেরোসিনে পুড়ে যাওয়া দগ্ধ শরীরের ভারটি সইতে না পেরে, চির চেনা অনেক ভালোবাসার এই সুন্দর ধরণিকে বিদায় জানাতে, মুহুর্তের দ্বিধাও বোধ করি হয়নি মেয়েটির।
অন্য ঘটনাটি মাত্র সপ্তাহ খানেক আগের। এ টি এন বাংলার রাতের খবরে এমনই একটি হিংস্রতার বলি আরেক গৃহবধুর বাঁচার আকুতি, শব্দ তরঙ্গে সারা পৃথিবীময় ছড়িয়ে পড়লেও, সে বাঁচতে পারেনি। ৭ দিন মৃত্যু যন্ত্রনা সহ্য করে, তাকেও পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে।
এধরণের ঘটনা বাংলাদেশে প্রায় স্বাভাবিক চিত্র বলে, এসব আমাদের বোধ করি আর গায়ে লাগে না। চির চেনা বাবা মার ঘর ছেড়ে শশুড়বাড়িতে একটি মেয়ের সুখ শান্তি নির্ভর করে, তাকে প্রদেয় যৌতুকের পরিমান বা অংকের উপর।
আমরা একাবিংশ শতাব্দিতে বাস করেও, সহজ মুনাফা/প্রাপ্তির লোভে সেই প্রাচীন গ্রিক বা ভারতীয় পরম্পরা অনুসরণ করছি। শুধু অনুসরণ করছি বললে ভুল হবে। বরং বলা যায় একে আমাদের মজ্জায় ধারণ করছি।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মানুলম্বি। যে হতভাগিনির কথা বললাম, তারাও দুই পাষণ্ড মুসলমান স্বামী-শশুড়-শাশুড়ির অত্যাচারের বলি। তাই বলা যায়, দেন মোহর আদায়ে আমরা যত না আগ্রহি, তার চেয়ে বেশি প্রতিবেশি ধর্মের অনুকরণে যৌতুক আদায়ে বেশি তৎপর। অথচ ইসলামে যৌতুকের বিধান নেই। যারা ইসলাম সমন্ধে সদা সোচ্চার, সদা তৎপর, তারাও দেখি ইসলামের এই লঙ্ঘনটির ব্যাপারে নিরব।
নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন আছে। নেই এর সুষ্ঠু প্রয়োগ। মাঝখান থেকে উকিল সাহেব আর পুলিশ সাহেবদের সন্তুস্ট করা গেলে, উল্টো বাদি পক্ষকেই বিপদে পড়তে হয়। নইলে জামিন নামের অবিচারের ফাক গলে বেড়িয়ে পড়ে আসামীরা, বাদিকে হুমকি ধমকি দেয়।
এই ধরণের বাজে উদাহারণ বার বার সৃস্টি হবার ফলেই, অপরাধিরা হয়ে পড়ে দুর্দমনীয়। তাই, যৌতুকের জন্য নির্যাতন আজ ডাল ভাত হয়ে গেছে। একটি মেয়ে বধু হয়ে নতুন সংসারে গেলে মনে হয়, অপমান নির্যাতন আর গঞ্জনা সইবার জন্যই, সমাজকে , আইনকে আর ধর্মকে সাক্ষি রেখে তাকে ঘরে তোলা হয়েছে।
না না পাঠক, ভুলে ভাববেন না যে শুধু গ্রামের অশিক্ষিত বা শহুরে নিম্নবিত্তের লোকজনের মধ্যেই যৌতুক নামের বলি দেয়া থাকে। উচ্চ বা মধ্যবিত্তের অনেক গৃহবধুর দীর্ঘশ্বাস, শহরে ইট কাঠ বালির মধ্যেই গুমড়ে কাঁদে। শিক্ষিত এবং কর্মক্ষম গৃহবধুদের অনেকেই পারেন, এই অত্যাচারের বিরদ্ধে সোচ্চার হতে। তার ফলাফলে তাকে হারাতে হতে হয় স্বামী সংসার। কিন্তু এর পরে তার জীবনে এক চরম অনিশ্চয়তা নেমে আসে। সংসার ভাঙ্গার দায়, একলা তার উপরেই চাপানো হয়। চারি পাশে ছোক ছোক করে মাংসাশি দানবরা। ছলে বলে কৌশলে তার দেহের অধিকার নিতে চায় অনেকেই, দ্বায়িত্ব নিতে চায় না কেউই। একজন সঙ্গির জন্য তার মন কাদলেও, আপন বলে কেউকে পায় না সে। আত্মিয় স্বজনের ফিসফিস শব্দের কুৎসা কিংবা অনুকম্পার দৃস্টি তাকে বিদ্ধ করে, ক্ষত বিক্ষত করে দেয়। নতুন করে সঙ্গি লাভের জন্য বিয়ের কথা চললে, ওই মেয়েটিকেই আসামী জ্ঞানে নানা প্রশ্ন বাণে বিদ্ধ হতে হয়। আর তাই স্বাধীন নারীদের পক্ষ্যেও সম্ভব হয় না, যৌতুক নামের অত্যচারের প্রতিবাদ করার।
ছবির মেয়েটা নাম নাজনিন আক্তার কণা। মধ্যবিত্ত পিতার পর্যাপ্ত পরিমান যৌতুক দেবার অক্ষমতার বলি হয়েছে সে। আমাদের সমাজে এমন হতভাগিনীর সংখ্যাটা অনেক। যদিও আইন আছে, সংগঠন আছে কিন্তু তাদের ক্ষমতার পরিধিটা খুব সীমিত। তাই প্রাচীন যুগের এই বর্বর প্রথাটিকেই আমরা বিয়ে নামের পবিত্র বন্ধনের সাথে নির্দ্বিধায় জড়িয়ে, নারী পুরুষের সম্পর্কটাকেও বর্বর আর আদিম বানিয়ে রেখেছি।
এভাবেই চলুক। আমাদের কারুকেই কিছু করতে হবে না। কি আর করতে পারি আমরা? যৌতুক নামের সহজ প্রাপ্তিটার লোভ কি আমাদের অবচেতন মনেও কোন না কোনভাবে প্রথিত নেই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


