কী আর পাবো ? কতটুকু দেবে ?
হাভাতে মানুষের মতোন দীর্ঘদিন কেটেছে
ভাতরূপ দুটো বাটি ভালোবাসার জন্য__ দেবি তুমি ; তোমাকে
নিপুণ নির্মাণে বড় নান্দনিক করে গড়ে তুলেছিলাম।
ঘুমে ঘুমে বেলা গড়ালে__যখন জাগলে অপরাহ্নের ক্লান্তবেলা__
মানুষ হাট থেকে ফিরছে, পাখিরা ফিরছে নীড়ে
নদীরা থেমে গেছে__ হাটুরে ফিরছে বাড়ি।
বষার্র নদী থেমে গেছে শরতের মন্থর স্রোতে
প্রপাত থেমে গেছে পাহাড় গলেনা বলে
বৃক্ষ থেমে গেছে তার গড় আয়ূ আর নেই
আমি থেমে গেছি কালের করাল থাবায়__হলুদ পাতার মর্মরিত ছন্দে।
হাট শেষে হাটে আর কী পাবে ?
পচা, বাছাকোছা, কীটদগ্ধ আর উচ্ছিষ্ট আনাজ ছাড়া আর কী পাবে ?
পাবে বাশি টক দই।
পুনপুনা ওঠা ভাত পাবে একবাটি। পাবে পচা ইলিশ দুটো।
ফিরে যাও__ অবেলায় তোমাকে কোথায় থাকতে দেবো ?
আতিথেয়তার কোনোকিছু আর আমার কাছে নেই
তোমাকে আর কী দিয়ে অভ্যর্থনা জানাবে !!
৩০.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


