২১
আফগানী কাবুলিওয়ালারা এদেশে প্রথম ফেরি করে জিনিসপত্র বিক্রি করা শিখায় আর ক্যানভাস করে জিনিসপত্র বিক্রি করা শিখায় ইংরেজরা। জরিনা ও আমি তাদেরই উত্তরসূরী । রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ ছোটগল্প পড়লে বুঝা যায় সে সময়ের কাবুলিওয়ালারা আমাদের সমাজের সাথে মিশে গিয়েছিল। আফগান ও ইংরেজরা এদেশ থেকে চলে গিয়েছে ঠিকই কিন্তু তাদের ব্যবসার ধরন আজও টিকে আছে। জরিনা তাদেরই একজন। ফেড়ি করে চুড়ি, ফিতা, আলতা আরো অনেক কিছু বিক্রি করে তার জীবন ভালোই চলছে কিন্তু স্বামী না থাকায় যা একটু কষ্ট।
টঙ্গী বাজারে আমার সাথে জরিনার দেখা। কেমন আছো জিজ্ঞাসা করে বললাম, ‘আমার সাথে যে লোকটা দেখছো তার নাম আতাহার আলী। ভাল বাঁশি বাজাতে পারে। কৃষ্ণের বাশিঁর সুর তার বাঁশির সুরে। যদি একবার শুন বাঁশির সুরে মাতাল হয়ে যাবা।’
জরিনা বললো, ‘আমার মাতাল হওয়ার দরকার নাই। আতাহার সাহেবকে নিয়ে আমার বাসায় আসিও।’
আমি বললাম, ‘তোমার হাতের রান্না যে একবার খেয়েছে সে তোমাকে ভুলতে পারবে না,আমি ভুলি কিভাবে ? কাল আসবো, দুপুরে খাবারের আয়োজন করিও।’
যাত্রাবাড়ীতে আজ ক্যানভাস স্থল। যাত্রাবাড়ী টু গুলিস্তান ফাইওভার নির্মাণাধীন তাই এ রাস্তায় যানজট থাকে সবসময়। বলাকা সার্ভিসের গাড়ীতে উঠে দাড়িয়ে আছি আমি আর আতাহার। একটা মেয়ের পায়ে আতাহার আলীর পাড়া পড়লে মেয়েটি খেপে বললো,
‘চোখ কি মাথায় তুলে দাড়িয়ে থাকেন ? ব্যাথায় আমার পাটা ছিঁড়ে যাচ্ছে।’
আতাহার আলী বললো, ‘সরি ম্যাডাম।’
‘সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যায় ? অশোভ্য লোক কোথাকার।’
আমার আর সহ্য হলো না। বললাম, ‘ম্যাডাম আপনি যদি এত শোভ্য হন তাহলে এসব লোকাল গাড়ীতে চড়েন কেন ? একটা প্রাইভেট কার নিলেইতো পারেন। লোকটা আপনাকে ইচ্ছা করে ব্যাথা দেয় নাই।’
মেয়েটি ধমকের সুরে বললো, ‘চুপ করেন আপনি। অন্যের সাফাই গাইতে আসবেন না।’
একটা ছেলে বললো, ‘ম্যাডাম আপনারতো বেশ প্রেসার আছে, অল্পতেই রেগে যান। ডাক্তার দেখিয়ে প্রেসারটা কন্ট্রোলে আনলে ভবিষ্যতের জন্য ভাল হবে।’
মেয়েটি তার উপড়ে চটে গিয়ে বললো, ‘এই বেয়াদব ছেলে, তুমি এতকথা বলছো কেন ? ব্যাথায় আমার জান যায় আবার ভদ্র কথা বলবো, তাকে সালাম দিব।’
সায়েদাবাদ, যাত্রাবাড়ী ব্যস্ত এলাকা। সায়েদাবাদ বাস ষ্টেশনের কারণে অনেক লোক যাতায়াত করে এখান দিয়ে। সামনে ঈদুল ফিতর। চারদিকে কেবল বেঁচা-কিনার ভিড়। এর মাঝে একটু খালি জায়গা পাওয়া মুশকিলের ব্যাপার। তারপরও যাত্রাবাড়ী ব্রিজের বামপাশে একটু খালি জায়গায় বসে পড়লাম। আজ এখানে মানিব্যাগ, পাথরের আংটি, শালসা এই চার আইটেমের মালামাল বিক্রি হবে।
আজ আতাহার আলীকে দিয়ে লেকচার শুরু হবে। তার লেকচার দক্ষতা পরীক্ষা করা হবে।
আতাহার আলী ওস্তাদের কদমবুচি করে দোয়া চেয়ে নিল। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, ‘শুরু কর ব্যাটা, বুকে সাহস নিয়ে শুরু কর। ’
আতাহার আলী শুরু করলো,
‘সম্মানীত ভাই ও বোনেরা, সকলকে শুভেচ্ছা। ভাইয়েরা একটা কথা মনে রাখবেন ভক্তিতে মুক্তি। আমি ছোট হতে পারি কিন্তু আমার ঔষধ ছোট না। বড় বড় ডাক্তারের চিকিৎসাকে হার মানায়। আমার কাছে আছে অতি উন্নত মানের বাতের মলম। একবার ব্যবহার করলে আজীবর শান্তিতে থাকবেন। শরীরের সব ব্যাথা চলে যাবে নিমিষেই। ভাই ও বোনেরা, আমার কাছে আরো পাবেন উৎকৃষ্ট মানের উপকারী পাথর। ব্যবহার করলে শরীরের সব রোগ, বালা মুছিবত ভালো হয়ে যাবে। ভাইয়েরা যার লাগবে চেয়ে নিবেন। আমার এই ঔষধে কোন ভেজাল নাই। বাতের মলম যে একবার এককোর্স ব্যবহার করবে জীবনে তরে তার বাতের রোগ নির্মূল। আমার দেওয়া পাথরের আংটি ব্যবহার করে অনেকেই উপকার পেয়েছে। অনেকে আমাকে পুরস্কৃত করেছে। তাই নির্দিধায় বলতে চাই, যে যা নিবেন, যা অর্থ দিবেন দশ গুণ ফিরত পাবেন। আছেন ভাই কেউ যার এই জিনিসগুলো লাগবে। হাত বাড়ালেই পাবেন। অনেকে অনেক জায়গায় অর্থ নষ্ট করেছেন, আসল জায়গায় একবার অর্থ ব্যয় করে দেখেন। সেই অর্থ নষ্ট হবে না ইনশাল্লাহ।’
আতাহার আলীর লেকচারে অনেকেই মোহমুগ্ধ। সবাই কিছু না কিছু কিনার চেষ্টা করছে।
আমিও তার লেকচারে মুগ্ধ। তাকে আমার যোগ্য সাগরেদ তৈরি করতে অসুবিধা হবে না। তার পরীক্ষায় অর্জন একশতে একশ।
আগের প্রশ্নের উত্তর: নেপালের জ্ঞানী মায়া সেন। (বর্তমান বয়স ৭৫ বছর)
প্রশ্নঃ কবে থেকে টেস্ট ক্রিকেট শুরু হয় ?
উত্তর:
আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা পরের অধ্যায়ের শেষে মিলিয়ে নিন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



