অঝোর বৃষ্টিভেজা দিনে
চুপচাপ অপলক চোখের চাহনি
আর লাভণ্য মাখা তোমার মুখোচ্ছবি
আমাকে ভাবায়।
সুদূর অতীতে তুমি কোথায় ছিলে?
হাজার বছর আগে,
আমার জন্মেরও আগে।
বন্যফুলের সৌরভে
স্পন্দিত শিহরণে প্রকৃতির বুক
যখন প্রেমের অবগাহনে মুখরিত
কেন ভাবি
আমার জন্মও যদি হতো
হাজার বছর আগে। বন্য প্রকৃতির কূলে।
অনাদিকাল ধরে
তোমার প্রেমের আবেশে
বাড়ন্ত কৈশোরে
কুসুম কোমল হৃদয়ের টানে
শুধু তোমাকেই পরাতাম শিউলির মালা।
আজও ভাবি
পড়ন্ত বিকেলের একটানা আড্ডায় মেতে উঠি
সবুজ ঘাসের চাদরে বসে।
সন্ধ্যা নেমে আসুক
পাখিরা আসুক নীড়ে ফিরে
জোনাকিরা মিটি মিটি জ্বলে উঠুক
চাঁদ আর তারায় তারায় ভরে উঠুক আকাশ
চুপচাপ হয়ে উঠুক চারিপাশ
তুমি আর আমি মিলে
ভালবাসার কথামালা
সাজাবো বলে অপেক্ষা করি, সযত্নে।
আজও ভাবি
ভালবাসার কথামালা সাজানো হবে
ফাগুনের রঙে,
প্রতিটি শব্দের বর্ণমালা হবে রাঙানো হলুদ
আর পলাশে ঠাসা।
ধেয়ে আসা উজানের স্রোতে হারাবোনা তোমায়
কোন কাল।
টুকরো টুকরো স্মৃতি জোড়া দিয়ে
বানাবো মহাকাব্যের আখ্যান ।
কেন ভাবি?
ঝাউবনের ভেতর দিয়ে হেঁটে চলা পথ বেয়ে
গহিন বনে হারিয়ে যেতে।
কেন ভাবি?
সুদুর অতীত থেকে আগামীতে
অনন্য ভালবাসায়
মহাকাব্যের শেষের পাতায় লেখা হোক
ভালবাসার ধ্রুপদ পংক্তিমালা।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



