শব্দের মিসাইল চারিপাশে, অশব্দ,
কুশব্দ, বাজে শব্দের ধ্বনি,
বাজে কানে নিত্যদিন।
অর্থহীন শব্দ, মঞ্চকাঁপানো শব্দ,
গলাফাটানো শব্দ, অযথা কথার ফুলঝুরি,
ভরপুর প্রতিশ্রুতির শব্দ,
মগজে, মননে, বলনে, কথনে, প্রচারে, প্রসারে
চালায় ছুরি।
উপস্হিত জনতার সম্মুখে,
নিখাদ শব্দ বিন্যাসের ধ্বনি,
চারিপাশে প্রতিধ্বনি
যেন ছোটে মিসাইল গতিতে।
অহংকারের তেজ বাচন ভঙ্গিতে নেতার,
ইশারায় বুঝাতে চায়,
সব সৃষ্টিশীল কর্ম তার, ন্যায়ের কণ্ঠ ।
ঢেঁকির শব্দ, ঢাকের শব্দ,
ঢোলের শব্দ, ঢিলের শব্দ
প্রতিটি শব্দই আলাদা ব্যঞ্জনা ছড়ায় কানে
কেননা প্রতিটি শব্দের ধ্বনি সবার চেনা।
যেন কথামালার শব্দ
বাস, ট্রাক আর স্কুটারের শব্দের চেয়ে বেসামাল।
ইদানিং অশ্রুত শব্দের ধ্বনি
ভেসে আসে বাতাসে
কি জানি ভেঙ্গে চুরমার?
চারিপাশে বেজায় ধর পাকড়,
রাখালের হাতে বাজে বাঁশি,
বংশি বাদক পরবাসি।
শব্দের চেয়ে বড় মিসাইল আর নাই,
শব্দের মিছিল চলে চারিপাশে
পৃথিবীর প্রয়াণ হবে শব্দের আঘাতে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



