১১ ই মার্চ । রাত ১১.৫০
কাজের প্রয়োজনে রাতে ফিরতে হয়। অন্য দিনের মত রাতে ফিরছি। আজকে ফিরতে ১৫ মিনিট সময় কম লেগেছে। অফিসের পুলের গাড়ি থেকে নেমে গেলাম। মিরপুর ২ নং বাস স্ট্যান্ড থেকে সামনে এগিয়ে যেতে স্টেডিয়ামের গায়ে বিসিবির লোগো। পিছনে তাকিয়ে দেখলাম পূর্ণিমা রেস্তোরাঁর শাটার নামানো। স্ট্যান্ডে রিকশাও নেই। একটা দু'টো আমার মত বাড়ি ফেরার মানুষ। হলুদ নিয়ন আলো জ্বলছে লাইট পোস্টে। অন্যদিনের মত ফুটপাথ গুলো ব্যাস্ত ছিলো না। অনেক পরিষ্কার। দেখলেই বোঝা যায় আজ অন্যরকম দিন। অনেক দিন পর রাতের এ সময়ে নির্মল বাতাসে বুক ভরে উঠছিল।
হঠাৎ ছোটোবেলার কথা মনে পরে গেলো। বাবা শেষ সন্ধ্যায় অফিসের গাড়িতে করে ক্রিসেন্ট লেক, সংসদের পাশে ঘুরতে নিয়ে যেতেন। মনে আছে, এরকম এক দিন, সংসদ এভিন্যুতে আমরা দাড়িয়ে, সোডিয়াম লাইটের হলদে আলো, আর সোনালু ফুল। আশ পাশে গোনা যাবে এমন মানুষ। নিঝুম চারদিক।
আমার অনুভূতিতে ক্রমশঃ পুরনো দিন ফিরে পেয়ে গেছি মনে হচ্ছে। ঢাকাবাসির এর চেয়ে আর কি চাই। মনে মনে খুব চাইছি সারাটা বছর যেন এমন থাকে...
১২ ই মার্চ । রাত ১১.৪৮
গত কালকের থেকে আজ ফিরতে দুই মিনিট কম সময় লেগেছে। আজ অফিস যাবার ব্যাপারে বস বলেছিলেন, সমস্যা হলে আস্তে হবে না। তবুও গেলাম। সন্ধ্যায় উত্তরা, সোনারগাঁ জনপথ রোডে একটা টঙ্গের দোকান থেকে প্রতিদিন নাস্তা কিনি। ওঁদের খাবার গুলো ভালো লাগে। মনটা মরে গেলো, দেখলাম দোকানটা বন্ধ। কিছুক্ষণ দাড়িয়ে খেয়াল করলাম, দোকানের গায়ে ট্যাগ লাইন লেখা, "একজন গ্রাহকই আমাদের মূল্যবান সম্পদ"।
১৪ ই মার্চ । রাত ১২.০৫
আজকে গত দু'দিনের মত আগে ফেরা হয় নি। পূর্ণিমা রেস্তোরাঁ আজকে খোলা। কিছু কাস্টোমার থাকলেও বন্ধের তোড়জোড় চলছে। বাসা ফিরতে ফিরতে সন্ধ্যার ঘটনা মনে পড়ল। নাস্তা কিনে পাশের চার দোকান থেকে লাল চায়ে আয়েস করে চুমুক দিচ্ছি। একটা লোক সালসার সরবত বিক্রির জন্য বসে। মাথা উঁচু করে দক্ষিণপূর্ব দিকে তাকিয়ে। ক্রমশ মাথা একটু একটু উঁচু হয়ে পূর্ব দিকে সরে যাচ্ছে। অপলক তাকিয়ে আছে। দৃষ্টির সীমানা থেকে যখন বিমানটা চলে গেলো, গাল ভরা হাসি টেনে খরিদ্দার আসায় সরবত বিক্রিতে মন দিলো।
১৪ ই মার্চ । রাত ০১.১৮
কিছু দিন যাবত মন অস্থির। বড় হওয়ার দিন গুলোতে পড়া, শীর্ষেন্দু'র "প্রজাপতির পুনঃজন্ম, এবং মৃত্যু..." বই এর কথা মনে পড়ল। ফেইসবুকে স্ট্যাটাস হিসেবে বইটার নাম লিখে পোস্ট করলাম। বন্ধুবর রাসেল নিজাম লাইক দিলো। জিজ্ঞেস করলাম, "লাইক দিলি কেনো?" উত্তরে লিখলো, "প্রজাপতি হলো বাংলাদেশ। পাকিস্তান থেকে পুনঃজন্ম হয়ে বাংলাদেশ হয়েছে। কিন্তু আমরা সবাই এটাকে মেরে ফেলছি।"
বি.দ্র.
১। এই লেখার শিরোনাম লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (জন্ম ২রা নভেম্বর ১৯৩৫) এর একটি বই এর নাম, উপমা হিসেবে ব্যবহৃত।
২। দীর্ঘদিন পর লেখার কারণে শব্দ দোষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১২ রাত ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



