
আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ ভীষণ এক ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ । রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮ এবং এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্যের কাছাকাছি । এই ভয়াবহ ভূমিকম্পে গোটা দেশের মানুষের মন হয়ে ওঠে আতঙ্কিত । কিন্তু একমাত্র ব্যতিক্রম আমাদের যোগাযোগমন্ত্রী আবুল সাহেব । ভূমিকম্পের ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে তার বাসায় গেলে বাসার কেয়ারটেকার কোন কথা না বলে মন্ত্রী সাহেবকে ডাকতে ভিতরে চলে যান । বাইরের ঘরে বসেই শোনা যাচ্ছিলো ভিতর থেকে মন্ত্রীর হাসির শব্দ । কিছুক্ষণ পর এসে তিনি হাসতে হাসতেই কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত সাক্ষাৎকার শুরু করতে বলেন । সন্ধ্যার ভুমিকম্পের ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, “কোন ভুমিকম্পের কথা বলছেন ?” তাকে তখন আজকের ভূমিকম্পের কথা বলতেই তিনি অনেক মজার কোন কৌতুক শোনার মত করে হঠাৎ বিকট শব্দে হাসি শুরু করেন । ভূমিকম্পের মতই ভীষণ সেই হাসি, যেন থামতেই চায় না । সন্ধ্যার ভূমিকম্পে যেমন কেঁপে উঠেছিল গোটা দেশ, তেমনি আবুল সাহেবের হাসিতে কেঁপে উঠে তার গোটা শরীর এবং বসার সোফা । প্রায় তিন মিনিট স্থায়ী এই হাসির মাত্রা লাফটার স্কেলে ছিল ৭.৮, যা কিনা আজকের ভূমিকম্পের চেয়েও ভয়াবহ । হাসি চলাকালীন সময়ে মন্ত্রীর বাসার লোকেরা ভীত হয়ে বাসার বাইরে বেরিয়ে আসেন । তাদের মধ্যে একজনকে আকাশের দিকে তাকিয়ে বলতে শোনা যায়, “হে আল্লাহ, এইবারের মত আবুইল্লার হাসি থামায়া দাও, কালকে মাজারে ২ টাকা নগদ দিমু ।” অনেক কষ্টে হাসি থামানোর পর মন্ত্রী বলেন, “আসলে আমি তখন আমার ভাতিজির ইয়াবা নিয়ে ধরা খাওয়ার খবর শুনে হাসছিলাম, তাই ভূমিকম্প টের পাইনি ।” তিনি আরো বলেন, “এবার তো বুঝলেন, রাস্তাঘাটের এই বেহাল দশার জন্য কে দায়ী । এইরকম ভূমিকম্প হলে তো রাস্তায় গর্ত তৈরী হবেই । এতে তো আর আমার কিছু করার নাই ।” ভূমিকম্প আজ হলেও অনেক আগে থেকেই রাস্তাঘাটের অবস্থা শোচনীয়, এই কথা স্মরণ করিয়ে দিলে উনি আবার হাসি শুরু করেন । এবারের হাসির মাত্রা ছিল ৫.৫ । মোটামুটি সহনীয় পর্যায়ের এই হাসি শেষ হলে তিনি বলেন, “বাংলাদেশে এইটাই তো প্রথম ভূমিকম্প না । এর আগেও দেশে অনেক ভূমিকম্প হয়েছে যেগুলোর বেশীরভাগই হয়েছে বিএনপি সরকারের আমলে । ওই ভূমিকম্পগুলোর ফলেই রাস্তাঘাটে ফাটল দেখা দিয়েছে আর তার দায় এখন আমাকে বহন করতে হচ্ছে ।” এরপর তার ভাতিজির ইয়াবা নিয়ে ধরা খাওয়ার প্রশ্ন উঠতেই তিনি আবার গোটা শরীর কাঁপিয়ে হাসি শুরু করেন । সেই হাসি মাপার ক্ষমতা শুধু লাফটার স্কেল কেন, রিখটার স্কেলেরও নেই ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



