ব্যক্তিগতভাবে আমি পাকিস্তানকে সাপোর্ট করি না। কিন্তু টি টোয়েন্টি চ্যাম্পিয়ান হওয়ার পর আমার মাথায় একটা কথা বার বার ঘুরপাক খাচ্ছে। সেটা আর না বলে পারছি না।
পাকিস্তানের অভ্যন্তরীণ অবস্থা খুবই খারাপ। একটার পর একটা আত্মঘাতী বোমায় উড়ে যাচ্ছে মানবতা। যুদ্ধ লেগে আছে তালেবানদের সাথে। সেই দেশটির ক্রীকেটদল কী চমৎকার ভাবে জিতে নিল টি টোয়েন্টি কাপ! কারও মনে একবার প্রশ্ন এসেছে? আমি বার বার ভাবি, এত বিশৃঙ্খলার মধ্যেও এতটা ভালো পারফর্মেন্স করা আসলেই একটা বিরাট ব্যাপার। এর কোন মূল্যায়ন সহজ ভাষায় করা সম্ভব না।
পাকিস্তান ক্রীকেটকে নানা রকম ঝড় পার হতে হচ্ছে। হয়েছে। শ্রীলংকান ক্রীকেটারদের উপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে কোন টিম খেলতে যাচ্ছে না। অথচ পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট এতটাই শক্ত অবস্থানে থেকে খেলোয়াড় নির্বাচনে যে দক্ষতা দেখিয়েছে তা আসলেই বলবার মত বিষয়।
আমার দুঃখ হয়, এত সুখের দেশে থেকেও, এত এত টাকা অনুদান পাবার পরও আমাদের ক্রীকেটদল একটা উপহাস ছাড়া আর কিছুই না। দুই একটা ম্যাচ জিততে পারলে আমাদের মিডিয়ার বদৌলতে যে অবস্থার সৃষ্টি হয় তার পরে খেলোয়াড়রা মনে করেন, আর দশ বছর একটা ম্যাচ না জিতলেও হবে। কবে আমাদের ক্রীকেট বোর্ডের বোধদয় হবে সেটা আমার জানা নেই। জানা নেই কেন এখনও আমাদের খেলোয়াড়দের ভেতর কোন প্রফেশনালিজম আসেনি। কেনই বা আমরা এখনও আইসিসির সমালোচনার সম্মুখীন হচ্ছি। এতগুলো বছর পরেও আমাদের কোন উন্নতি নেই।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাপ্রধান ক্রীকেটারদের আর্মি ট্রেনিং করিয়েছেন। পাঠিয়েছেন সীলেটের ক্যাম্পে। তাদের উপর চলেছে আর্মি ট্রেনিং এর নিদারুণ অত্যাচার। ভেবেছিলাম, ভালো হয়েছে, এবার যদি তোদের শিক্ষা হয়, তাও হলো না।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দেখলাম বাংলাদেশ দল, সকাল থেকে বিকাল পর্যন্ত টানা অনুশীলন করছে। তাতে কোন লাভ হবে বলে মনে হয় না। কারণ বাংলাদেশের খেলোয়াড়রা ম্যান্টালি স্টেবল না। তারা না পারে নিজেদেরকে কন্ট্রোল করতে, না পারে প্রতিপক্ষকে বুঝতে। এভাবে হবে না। ক্রীকেট থেকে রাজনীতি দূর না করতে পারলে এই অবস্থার কোন সুরাহা হবে না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



