আজ অনেক দিন পর ব্লগে এলাম । মাঝখানে প্রচন্ড ব্যস্ততা আর চাপের মাঝে কত দিবস রজনী পেরিয়ে গেছে তা ঠিক বুঝতে পারিনি। ব্যস্ততার প্রথম এবং প্রধান কারন ছিল আমার ইয়ার ফাইনাল পরীক্ষা । সারাবছর তেমন কোন পড়লেখা হয়নি । তবে শেষ বেলাতে একসাথে সব পড়ার চাপ জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল । তবে যাই হোক , দিনের শেষে আমি নিজেকে সফল পথিক বলতে পারি । কারন ওস্তাদের মাইর শেষ রাতে ! স্বল্প সময়ের প্রস্তুতিতে বেশ ভালোভাবেই পরীক্ষা দিলাম। আজ আমার পরীক্ষা শেষ । আহা ! কি আনন্দ আজ আকাশে বাতাসে । আজ আমার ব্লগ লেখে টাইম নষ্ট করতে নেই মানা !
এখন প্রচন্ড ক্লান্ত অনুভব করছি । রাত জেগে পড়া । টানা চার ঘন্টা পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখে যাওয়া ! উফ , অসহ্য। কবে কোন কালে যে কার মাথার উর্বর মস্তিষ্ক থেকে পরীক্ষা নামক যন্ত্রনা বের হয়েছে তা ভেবে পাইনা । পরীক্ষার হলে লিখতে লিখতে যখন মাথা গরম হয়ে যায় তখন পরীক্ষার আবিষ্কর্তাকে কিছুক্ষন ঝেড়ে গালিগালাজ করি । অতপর আবার খাতায় লিখতে মনোনিবেশ করি । এভাবেই চলেছে আমার সাময়িক পরীক্ষা জীবন ।
যেদিন প্রথম পরীক্ষা তার তিনদিন আগে থেকে চট্টগ্রামে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল । প্রচন্ড তাপদাহের দিনগুলোর মাঝে সেই বৃষ্টি জনজীবনে এনেছিল কিছুটা স্বস্তি । চারিদিকে হিম ঠান্ডা পরিবেশ । ঘরের চার দেয়ালের মাঝে নিজেকে বন্দী রেখে আমি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত । কে জানত এই বৃষ্টিই আমার জন্য দুর্ভোগের কারন হয়ে দাড়াবে ? ১ম পরীক্ষার দিন যথারীতি সেই মুষল ধারে বৃষ্টি । অঝোরেই কাঁদছে আকাশ । কেঁদে প্রকৃতিতে ভাসিয়ে দিচ্ছে । বৃষ্টির মাঝে ছাতা হাতে অনেক ঝামেলা করে রিকশা নিয়ে যখন আমার পরীক্ষা কেন্দ্রের কাছে পৌঁছালাম অবাক হয়ে আবিষ্কার করলাম পরীক্ষা কেন্দ্রের চারপাশ কোমড় সমান পানিতে তলিয়ে গেছে । হায় ! সোনার দেশের একি ড্রেনেজ সিস্টেম ! আমি কোনভাবে রিকশার সিটের উপর পা ওঠিয়ে নিজেকে ভিজে যাবার হাত থেকে রক্ষা করছি । যে করেই হোক আমাকে হলে পৌঁছাতেই হবে । কিন্তু রিকশা দেখি আর এগোচ্ছে না । পরীক্ষা কেন্দ্রর ছোট প্রবেশ ফটকে রিকশা জট লেগে রয়েছে। বাংলাদেশের জট বলে কথা । এই জট সারাবে সাধ্য কার ? বাংলাদেশের রিকশাওয়ালাদের মারাত্নক প্রতিভা । যা আমরা রাস্তা ঘাটে অহরহ টের পাই ।
আমার পরীক্ষা কেন্দ্রের ছোট্ট ফটকের সামনে রিকশাওয়ালারা তাদের প্রতিভা দেখাতে ব্যস্ত । কয়েকজন আবার মারপিট শুরু করার চেষ্টা করছে । আর আমি এদিকে রিকশার সিটে বসে থাকতে থাকতে চরম বিরক্ত । পরীক্ষা শুরুর আর খুব বেশি দেরী নেই । ড্র্রেনেজের নোংরা পানির স্রোতের সাথে সাথে আমার মহা মূল্যবান সময় বয়ে চলে যায়। কিছু সাহসী পরীক্ষার্থী নোংরা পানিকে থোরাই কেয়ার করে পানি ভেঙ্গে হলের দিকে রওনা দিয়েছে । বিরক্ত হয়ে একসময় আমিও যখন নোংরা কোমড় পানিতে নামার প্রস্তুতি নিলাম তখন কাকতালীয়ভাবে রিকশা চলতে আরম্ভ করেছে ।
অবশেষে পরীক্ষা হলে নিজের সিট খুঁজে নিয়ে যখন বসলাম ততক্ষনে পরীক্ষা দেয়ার মুড সম্পুর্ন চলে গিয়েছে । হলের প্রায় অর্ধেক পরীক্ষার্থী ভিজে একাকার । এই ভেজা জামা কাপড় নিয়ে ওরা পরীক্ষা দেবে কেমন করে সেটাই ভাবছিলাম ।
মন মেজাজ যখন কিছুটা শান্ত হলো তখন আমার পাশের সিটের দিকে তাকিয়ে প্রচন্ড একটা ধাক্কার মতো খেলাম । বুকের মাঝে কোথা থেকে যেন চিনচিনে ব্যথা আরম্ভ হলো । রবীন্দ্রণাথের ভাষায় " বাজিল বুকে সুখের মতো ব্যাথা ! " এটা এমনই এক ব্যথা যা বারবার পেতে ইচ্ছে হয় । একেই বলে কপাল ! পরীক্ষা দেব কি ? সেই কাজল কালো চোখে চমৎকার আই শ্যাডো দেয়া মেয়েটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা হয় ।
সেই মেয়েটির রুপের মোহনীয় যাদু থেকে যখন বাস্তবে আসলাম তখন খেয়াল হলো পরীক্ষার সময় শুরুর ১০ মিনিট পেরিয়ে গেছে । কিন্তু মহামান্য পরীক্ষা পরিদর্শকের আসার নাম নেই । অতএব হেলদে দুলতে রাজার হালতে মহাশয় এলেন । আমাদের খাতা এবং প্রশ্নপত্র সরবরাহ করলেন। এসব করতে করতে পরীক্ষার ২০ মিনিট সময় নষ্ট হলো ।
তারপর...............
অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় । খাতা তো পেলাম । কিন্তু লেখবটা কি ? কিছুই তো দেখা যাচ্ছেনা । ইলেকট্রিসিটি নেই । বাইরের বর্ষার আকাশ মুখ কালো করে অবিরাম কেঁদে যাচ্ছে । প্রকৃতিও অন্ধকার । ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টাদের অযোগ্যহীনতায় আমার পরীক্ষার হল ও অন্ধকার । ততক্ষনে চোখে সর্ষে তারা দেখা আরম্ভ করেছি । সেই সর্ষে তারার মাঝে কতই না ভাব ছিল !
"রক্ষা করো হে খোদা দয়াময় যদি পরীক্ষা শেষে খাতায় পাই আন্ডা,
ধরনী দ্বিধা হলেও হবেনাকো ঠান্ডা আমার বাপের হাতের ডান্ডা !"
এই লেখার তেমন কোন বিষয় বস্তু নেই । যারা এতক্ষন এই লেখা পড়ে চরম বিরক্ত তাদের জন্য একটা মজার জোকস বলে আমার এলেবেলে শেষ করি ।
ক্লাসে ম্যাডাম তার ছাত্রদের পরের ক্লাশে চারটি করে নতুন শব্দ শিখে আসতে বললেন । ছাত্ররা ছুটির পর মহা চিন্তিত হয়ে বাসার দিকে রওনা দিল । চারটি নতুন কি কি শব্দ শেখা যায় ? একজন ছাত্র এমনই চিন্তা মগ্ন হয়ে হেঁটে যাচ্ছিল তখন দেখতে পেল সামনে ঝগড়া হচ্ছে । একজন অপরজনকে শাসিয়ে বলছে "সাট আপ " । ছাত্র ভাবল এটা অবশ্যই নতুন শব্দ । বাসায় ফেরার পথে সে বাসার সামনে দেখতে পেল "ডাষ্টবিন" লেখাটা । সে ভাবল এটাও নতুন শব্দ । বাসায় ফিরে সে টিভি চালু করতেই দেখতে পেল "সুপারম্যান" মুভি শো হচ্ছে । সে খুশি হলো আরেকটা একটা নতুন শব্দ পাওয়াতে ।। একটু পর অন্য চ্যানেলে একটা ঘোষনা প্রচারিত হলো - আজকের অনুষ্ঠানটি "আজ নয় কাল" প্রচারিত হবে । ছেলেটি তৎক্ষনাৎ ইউরেকা বলে চেচিয়ে উঠল । কারন সে চারটা নতুন শব্দ পেয়ে গেছে ।
পরদিন যখন ক্লাশে ম্যাডাম জানতে চাইল কারা কারা নতুন শব্দ শিখে এসেছে ? তখন ছাত্রটি হাত তুলল ।
ম্যাডাম তার কাছে যখন নতুন শব্দ জানতে চাইল তখন ছাত্রটি মুখের উপর বলল -" সাট আপ "
ম্যাডাম অবাক । রেগে গিয়ে বলল - তুমি কি বললে ? স্কুলকে তুমি কি মনে কর ?
ছাত্র বলল - " ডাষ্টবিন "
ম্যাডাম এবার আরো রেগে গিয়ে বলল - অসভ্য কোথাকার । তুমি নিজেকে ভাবো কি ?
সে নিজের কলার উঁচিয়ে - "সুপারম্যান "
ম্যাডাম আর সহ্য করতে না পেরে ছাত্রটিকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলার পর ছাত্র অতি উৎসাহ নিয়ে জবাব দিল - " আজ নয় কাল "
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



